Logo Logo

স্কুল ফিডিং কর্মসূচির নামে অবৈধ বনরুটি উৎপাদন, দুর্গাপুরে ব্যবসায়ীকে জরিমানা


Splash Image

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং (মিড ডে মিল) কর্মসূচির জন্য নির্ধারিত প্যাকেট ব্যবহার করে অবৈধভাবে বনরুটি উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ বনরুটি জব্দ করা হয়।


বিজ্ঞাপন


বুধবার (১৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে দুর্গাপুর পৌর শহরের শিবগঞ্জ ঘাট এলাকায় উপজেলা প্রশাসনের পরিচালিত এক অভিযানে এসব বনরুটি জব্দ করা হয়। অভিযানের সময় ১০টি বস্তায় থাকা প্রায় ৯০০ প্যাকেট বনরুটি উদ্ধার করা হয় এবং একজনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিবগঞ্জ এলাকার ব্যবসায়ী সাইফুল ইসলামকে অবৈধভাবে বনরুটি উৎপাদন ও পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আদালত পরিচালনা করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরিচালিত স্কুল ফিডিং কর্মসূচির আওতায় নির্ধারিত প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান বনরুটি উৎপাদন বা সরবরাহের অনুমোদন পায় না। তবে অভিযোগ রয়েছে, শিবগঞ্জ এলাকার ‘ভাই ভাই বেকারি’ দীর্ঘদিন ধরে সরকারি কর্মসূচির জন্য নির্ধারিত প্যাকেট ব্যবহার করে অবৈধভাবে বনরুটি উৎপাদন করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রশাসন বিপুল পরিমাণ বনরুটি জব্দ করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত বলেন, “সরকারি স্কুল ফিডিং কর্মসূচির জন্য নির্ধারিত প্যাকেট ব্যবহার করে অবৈধভাবে বনরুটি উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বনরুটি জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “সরকারি খাদ্য কর্মসূচির স্বচ্ছতা, গুণগত মান ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রশাসনের এ অভিযানে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সচেতন মহলের মতে, শিক্ষার্থীদের জন্য পরিচালিত সরকারি খাদ্য কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে নিয়মিত তদারকি এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখা জরুরি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...