Logo Logo

সরাইলে ৩ হাজার ৭০৫ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ রোজিনা আক্তার (৩০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত নারীর কাছ থেকে ৩ হাজার ৭০৫ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা।


বিজ্ঞাপন


পুলিশ সূত্রে জানা গেছে, ১৯ জুন (শুক্রবার) সরাইল থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব কুমার সিংহের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান এবং গ্রেফতারি পরোয়ানা তামিলের লক্ষ্যে দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর বড় ব্রিজের দক্ষিণ পাশে সড়কের উপর অবস্থান নেয় পুলিশ।

সেখানে সন্দেহভাজন হিসেবে রোজিনা আক্তারকে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ৩ হাজার ৭০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রোজিনা আক্তার নরসিংদী জেলার রায়পুরা থানার চান্দেরকান্দি (অলিপুরা) গ্রামের মৃত হামিদ মিয়ার মেয়ে এবং মো. সুমনের স্ত্রী।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে গ্রেফতারকৃত নারী। এই মাদক চালানের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য চক্রের সদস্যদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর গভীর তদন্ত অব্যাহত রয়েছে।

সরাইল থানা পুলিশ জানিয়েছে, সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে এবং তরুণ প্রজন্মকে রক্ষায় পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। জেলাজুড়ে মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...