বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়নের রামদিয়া পূর্বপাড়া গ্রামে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন— ক্ষিতিশ বিশ্বাস (৬৫), তাঁর স্ত্রী তুলসী বিশ্বাস (৫০), মেয়ে ইতি রানী বিশ্বাস (৩০) এবং নাতি দেবরাজ বিশ্বাস (১৫)। আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনায় ক্ষিতিশ বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানকে কেন্দ্র করে ক্ষিতিশ বিশ্বাসের পরিবারের সাথে প্রতিবেশী ইউপি সদস্য আজিবর মোল্যার দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে বৃহস্পতিবার বিকেলে পরিকল্পিতভাবে ক্ষিতিশ বিশ্বাসের নাতি দেবরাজ বিশ্বাসের ওপর চড়াও হয় আজিবর মোল্যার লোকজন। এ সময় পরিবারের সদস্যরা তাকে বাঁচাতে এগিয়ে আসলে প্রতিপক্ষরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে পরিবারের নারী ও শিশুসহ ৪ জন আহত হন।
হামলার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য আজিবর মোল্যা দাবি করেন, ‘খেলাধুলা নিয়ে বাচ্চাদের মধ্যে সামান্য একটু হাতাহাতি হয়েছে এবং পরবর্তীতে মহিলাদের মধ্যে কিছুটা চেঁচামেচি হয়েছে। তবে থানায় যেভাবে অতিরঞ্জিত করে অভিযোগ করা হয়েছে, বাস্তবে তেমন কোনো বড় ঘটনা ঘটেনি।’
এ ব্যাপারে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...