Logo Logo

কাশিয়ানীতে স্বামীর নির্যাতন সইতে না পেরে গৃহবধূর বিষপান


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানীতে স্বামীর নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে রোজিনা বেগম (৩০) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


উপজেলার কাশিয়ানী সদর ইউনিয়নের খায়েরহাট গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত রোজিনা বেগম খায়েরহাট গ্রামের করিম শেখের স্ত্রী এবং পার্শ্ববর্তী বাগঝাপা গ্রামের মৃত সিরাজুল ইসলামের মেয়ে। দাম্পত্য জীবনে তাদের ১১ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১১ সালে পারিবারিকভাবে করিম শেখের সাথে রোজিনার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ লেগেই ছিল। নিহতের ছোট বোন সোনিয়া বেগম অভিযোগ করেন, বিয়ের পর থেকে বিভিন্ন সময় তুচ্ছ বিষয় নিয়ে করিম তার স্ত্রীর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় ঘরের বাজার করাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে করিম শেখ ক্ষিপ্ত হয়ে রোজিনাকে বেদম মারপিট করে। স্বামীর এই পাশবিক নির্যাতন ও ক্ষোভ-অভিমানে ওই রাতেই বিষপান করেন রোজিনা।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয়। পরবর্তীতে রোববার (২৮ জুন) দিবাগত রাতে ওই গৃহবধূর লাশ দাফন করা হয়।

এদিকে অভিযুক্ত স্বামী করিম শেখ স্ত্রীর বিষপানের কথা স্বীকার করে বলেন, ‘সংসারে বাজার করা নিয়ে সামান্য দ্বন্দ্বের জেরে সে বিষপান করে। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’ তবে স্ত্রীর ওপর মারধর বা শারীরিক নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি।

এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধূর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। লাশের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...