Logo Logo

সরাইলে সংঘর্ষে নিহতের ঘটনায় ৩ জন গ্রেফতার, চুরির মামলায় আটক আরও ২


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে পাওনা সুদের টাকা নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে মো. হাদিম (৪৫) নিহত হওয়ার ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযানে পৃথক একটি চুরির মামলায় চোরাই মালামালসহ আরও দুইজনকে আটক করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২৯ জুন) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সরাইল থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (২৮ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজার এলাকায় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের বাসিন্দাদের মধ্যে পাওনা সুদের টাকা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ধরন্তি গ্রামের মৃত সামছু মিয়ার ছেলে মো. হাদিম (৪৫) নিহত হন। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন।

এ ঘটনায় জড়িত থাকার প্রাথমিক তথ্যের ভিত্তিতে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— মনিরবাগ (দক্ষিণপাড়া) এলাকার মৃত ইসমাইল মিয়ার ছেলে মো. জুনাইদ (২৯), কালিকচ্ছ (নন্দীপাড়া) এলাকার মৃত আব্দুল আহাদের ছেলে মো. চাঁদ মিয়া (৫০) এবং গলানিয়া (পূর্বপাড়া) এলাকার ছোয়াব মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (২২)। এসআই (নিরস্ত্র) ফারুক আহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে।

এদিকে, সরাইল থানার একটি চুরির মামলায় (মামলা নং-৪৩, ধারা ৪৫৭/৩৮০, পেনাল কোড) চোরাই মালামালসহ রাসেল মিয়া (২২) ও পাবেল মিয়া (২০) নামে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রাসেল রসুলপুর এলাকার বিল্লাল মিয়ার ছেলে এবং পাবেল বিশুতারা এলাকার আবু ছাইদের ছেলে। এসআই (নিরস্ত্র) কাজী শামীম হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কালিকচ্ছ বাজারের সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে তিনজন এবং পৃথক চুরির মামলায় চোরাই মালামালসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...