Logo Logo

কলাপাড়ায় ৯ দফা দাবিতে ৩০ কি.মি. সড়ক জুড়ে মানববন্ধন


Splash Image

পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত করার দাবিতে ৯ দফা দাবিতে ব্যতিক্রমী মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় নাগরিক সমাজ।


বিজ্ঞাপন


বুধবার (১ জুলাই) সকাল ১১টায় কলাপাড়া সিক্সলেন এলাকা থেকে কুয়াকাটা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়কজুড়ে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী, পেশাজীবী এবং সর্বস্তরের হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত মহাসড়ককে ছয় লেনে উন্নীতকরণ, কুয়াকাটা পর্যটন কেন্দ্রকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা, পায়রা সমুদ্রবন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু করা, নদীভাঙন প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, মহিপুর থানাকে উপজেলায় উন্নীতকরণ, কুয়াকাটায় বিমানবন্দর নির্মাণ এবং বরিশাল-ভোলা সেতু নির্মাণসহ মোট ৯ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

বক্তারা বলেন, কলাপাড়ায় দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর মধ্যে পর্যটনকেন্দ্র, পায়রা সমুদ্রবন্দর এবং ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রসহ একাধিক বৃহৎ প্রকল্প স্থাপিত হওয়ায় সারা বছরই এ অঞ্চলের সড়কপথে যানবাহনের চাপ থাকে। কিন্তু মহাসড়কটি সরু হওয়ায় প্রায়ই যানজট ও দুর্ঘটনার সৃষ্টি হয়, যা পর্যটন শিল্প, ব্যবসা-বাণিজ্য এবং দক্ষিণাঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

তারা বলেন, কুয়াকাটা-ভাঙ্গা মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা হলে রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও গতিশীল হবে। একই সঙ্গে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডও নতুন গতি পাবে। তাই জনস্বার্থে এ মহাসড়ককে দ্রুত ছয় লেনে উন্নীত করা সময়ের অপরিহার্য দাবি।

বক্তারা আরও বলেন, পায়রা সমুদ্রবন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু করা গেলে এটি দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি পর্যটন শিল্প, বাণিজ্য ও বিনিয়োগের নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, জাতীয় সংসদে ঘোষিত বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য প্রয়োজনীয় কোনো উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়নি। তারা দ্রুত সময়ের মধ্যে জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রকল্পের জন্য প্রয়োজনীয় বরাদ্দ অন্তর্ভুক্ত করার দাবি জানান।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ৯ দফা দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় একই দাবিতে ধারাবাহিকভাবে মানববন্ধন ও বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...