বিজ্ঞাপন
বোনসামের দাবি— নকআউট পর্বের প্রথম ম্যাচেই নবাগত কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে লিওনেল মেসির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর ফুটবল বিধাতা এবার ট্রফি লিখে রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও পর্তুগালের ভাগ্যে।
আন্তর্জাতিক বেশ কয়েকটি ক্রীড়া গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকার অনুযায়ী, ফুটবল মাঠের চূড়ান্ত লড়াই শুরু হওয়ার আগেই নাকি আধ্যাত্মিক জগতে এই টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। বোনসাম জোর দিয়ে বলেছেন, “এবারের ২০২৬ বিশ্বকাপটি পুরোপুরি ক্রিশ্চিয়ানো রোনালদো এবং পর্তুগালের। তারাই ট্রফি জিতবে। আধ্যাত্মিক জগতে পর্তুগাল ইতিমধ্যে এই টুর্নামেন্ট জিতে নিয়েছে।” তিনি আরও যোগ করেন, সিআরসেভেন এবার পুরোপুরি নিশ্চিন্ত থাকতে পারেন, কারণ ফুটবল বিধাতা ক্যারিয়ারের শেষ লগ্নে তার জন্য ‘সেই মাহেন্দ্রক্ষণ’ চূড়ান্ত করে রেখেছেন।
এবারের বিশ্বকাপের গ্রুপপর্বে ইংল্যান্ড বনাম ঘানা ম্যাচের আগে হ্যারি কেইনকে স্তব্ধ করে দিতে ‘কালা জাদু’ (স্পেল) করার দাবি করেছিলেন বোনসাম। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারকে তিনি বলেছিলেন, কেইনকে থামাতে তার কী করতে হবে তা ভালো করেই জানা আছে। কাকতালীয়ভাবে, ঘানার বিরুদ্ধে সেই হাইভোল্টেজ ম্যাচটিতে ইংল্যান্ড গোলশূন্য (০-০) ড্র করে এবং কেইন গোল করতে ব্যর্থ হন। কেইন পুরো ম্যাচে মাত্র ১৯ বার বল স্পর্শ করতে পেরেছিলেন।
ম্যাচ শেষে অবশ্য নাটকীয়ভাবে কেইনের ওপর থেকে সেই কথিত ‘অভিশাপ’ তুলে নেওয়ার ঘোষণা দেন এই ঘানাইয়ান ওঝা। কেইনের সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “হ্যারি কেইন আমার শত্রু নন, আমরা বন্ধু। আমি তাকে আধ্যাত্মিক বন্ধন থেকে মুক্ত করে দিচ্ছি যাতে পরবর্তী ম্যাচে সে গোল করতে পারে।” এমনকি বোনসাম ঘোষণা দেন, শীঘ্রই তার ঘরে যে সন্তান জন্ম নিতে যাচ্ছে, কেইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নাম তিনি ‘হ্যারি কেইন’ রাখবেন!
ঘানার রাজধানী আক্রায় তিনটি আস্তানা পরিচালনা করা নানা কোয়াকু বোনসাম মানুষের কাছে আফ্রিকান ঐতিহ্যবাহী পুরোহিত ও ভেষজ চিকিৎসক হিসেবে পরিচিত হলেও ফুটবল ভক্তদের কাছে তিনি এক বিতর্কিত নাম।
ফুটবলারদের নিয়ে তার এই কাণ্ড অবশ্য এবারই প্রথম নয়। ১২ বছর আগে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপেও তিনি ফুটবল বিশ্বে হইচই ফেলে দিয়েছিলেন। সেবার গ্রুপপর্বে ঘানার মুখোমুখি হওয়ার আগে ক্রিশ্চিয়ানো রোনালদো যে মারাত্মক হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন, তার পেছনে নিজের ‘আধ্যাত্মিক হাত’ রয়েছে বলে দাবি করেছিলেন বোনসাম। সময়ের পরিক্রমায়, ১২ বছর আগে যে রোনালদোকে তান্ত্রিক বিদ্যায় আটকে দিতে চেয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপে এসে সেই রোনালদোর হাতেই বিশ্বকাপের সোনালী ট্রফি দেখছেন এই ঘানাইয়ান জ্যোতিষী।
স্বভাবতই বোনসামের এমন অদ্ভুত দাবি ও ভবিষ্যদ্বাণী নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবল অনুরাগীদের মধ্যে পক্ষে-বিপক্ষে তুমুল হাস্যরস ও আলোচনার ঝড় বইছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...