বিজ্ঞাপন
শুক্রবার (৩ জুলাই) বিকেলে চাটখিলের ‘সেন্টার পয়েন্ট’ ভবনে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
নোয়াখালী জেলা মহিলা দলের সভানেত্রী ভিপি শাহানাজ পারভীনের সভাপতিত্বে এবং চাটখিল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শারমিন রতন মুনার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, সিনিয়র যুগ্ম সম্পাদিকা টুম্পা ইসলাম, যুগ্ম সম্পাদিকা ও সোনাইমুড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, সদস্য সচিব জি এস ফরিদ, পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক, সাবেক সভাপতি দেওয়ান শামসুল আরেফিন শামিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী ভুট্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ উন নবী বাবু, আলেয়া বেগম, জান্নাতুল ফেরদাউস রিমু, রিংকি আক্তার ও কামরুন নাহারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীদের সাংগঠনিক ও রাজনৈতিক গুরুত্ব অনুধাবন করেই মহিলা দল গঠন করেছিলেন। মহিলা দল বিএনপির একটি অত্যন্ত শক্তিশালী অংশ। দল শক্তিশালী না হলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। তাই দল ও সংগঠনকে সবার আগে প্রাধান্য দিতে হবে; দলের চেয়ে কোনো ব্যক্তি বা পদ বড় হতে পারে না।”
তিনি তৃণমূলের সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেন, “আমরা খুব শিগগিরই চাটখিলের ঘরে ঘরে যাব এবং নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ ও সদস্য সংগ্রহ অভিযান শুরু করব। একই সঙ্গে চাটখিল উপজেলা ও পৌরসভা মহিলা দলের একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি গঠন করা হবে। তবে এই কমিটি স্থায়ী নয়। আগামী দুই মাসের মধ্যে, বিশেষ প্রয়োজনে সর্বোচ্চ এক মাস সময় বৃদ্ধি করে, কমিটিকে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন এবং তৃণমূল কমিটি গঠন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে ব্যর্থ হলে প্রেসিডেন্ট ও সেক্রেটারির মাধ্যমে কমিটি ভেঙে দেওয়া হবে। দলে অলস বা নিষ্ক্রিয়দের কোনো স্থান নেই; যারা মাঠে কাজ করবেন, তারাই পদে থাকবেন।”
বিগত জাতীয় নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, “যারা চরম ঝুঁকি নিয়ে এবং জীবনের পরোয়া না করে দলের জন্য মাঠপর্যায়ে কাজ করেছেন, সেই সাহসী বোনদের আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। যারা প্রতিকূলতার কারণে আজকের সভায় উপস্থিত হতে পারেননি, তাদের কাছেও দলের এই বার্তা ও সিদ্ধান্ত পৌঁছে দিতে হবে। চাটখিলে মহিলা দল, বিএনপি, যুবদল ও ছাত্রদল যদি ঐক্যবদ্ধভাবে রাজপথে নামে, তবে সব ধরনের দুর্যোগ ও ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা সফল হব।”
সভাপতির বক্তব্যে জেলা মহিলা দলের সভানেত্রী শাহনাজ পারভীন বলেন, “তৃণমূলে মহিলা দলকে আরও শক্তিশালী করতে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে নতুন কমিটি গঠন করা হবে। প্রথমে ওয়ার্ড কমিটি, এরপর ওয়ার্ড কমিটির ভোটে ইউনিয়ন কমিটি এবং পরবর্তীতে ইউনিয়ন কমিটির ভোটে উপজেলা মহিলা দলের কমিটি গঠিত হবে।”
তিনি নির্বাচন-পরবর্তী সময়ে সর্বপ্রথম মহিলা দলের কমিটি গঠনের এই উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করেন।
প্রতিবেদক- মোঃ সিরাজুল ইসলাম হাসান, চাটখিল, নোয়াখালী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...