Logo Logo

সিরাজগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা

মাদক নির্মূলে সাংবাদিক, পুলিশ ও জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান


Splash Image

দেশজুড়ে মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি’র উদ্যোগে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ জনসচেতনতামূলক সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক জনকণ্ঠের সাবেক সিনিয়র সাংবাদিক সুমন চৌধুরী।

তিনি বলেন, “বর্তমান সময়ে দেশের প্রতিটি পাড়া-মহল্লায় যুব সমাজ মাদকের জালে জড়িয়ে পড়ছে। মাদকের এই মরণ ছোবলের কারণেই সমাজজুড়ে ছিনতাই, খুন ও ধর্ষণের মতো নৃশংস অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।”

যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে শুধু পুলিশ নয়, বরং পুলিশ প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাংবাদিক সমাজকে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

বক্তব্যের দ্বিতীয় অংশে সাংবাদিকদের পেশাগত অধিকার ও নিরাপত্তার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন সুমন চৌধুরী। তিনি বলেন, “সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সত্য প্রকাশ করতে গিয়ে প্রতিনিয়ত মামলা, হামলা ও নানামুখী নির্যাতনের শিকার হচ্ছেন।” এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের কাজের স্বাধীনতা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এবং টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।

তাঁরা বলেন, “আমরা মাদকের বিরুদ্ধে শতভাগ কঠোর অবস্থানে রয়েছি। মাদক নির্মূলে আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আমরা অঙ্গীকার করছি—যৌথ প্রচেষ্টায় এই সমাজকে মাদকমুক্ত করব।”

তাঁরা জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির এ উদ্যোগের প্রশংসা করে বলেন, ভবিষ্যতে সংগঠনটি মাদকের বিরুদ্ধে আরও বড় কর্মসূচি গ্রহণ করলে পুলিশ প্রশাসন সবসময় তাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মীর মো. আবদুল হালিম। সার্বিক পরিচালনায় ছিলেন গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুম রানা। এছাড়াও অনুষ্ঠানে ময়মনসিংহের ফুলপুর কমিটির নেতৃবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

আলোচনা সভায় গাজীপুর ও টঙ্গী অঞ্চলের শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং সাপ্তাহিক ভাওয়ালের সম্পাদক ও প্রকাশক মো. মনিরুজ্জামান মনির, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি এম কাজল খান, গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব রিংকু, দৈনিক যুগান্তরের গাছা প্রতিনিধি এম আর নাসির, গাজীপুর রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মো. মোস্তাকিম খান, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির মহিলা বিষয়ক সম্পাদিকা সুলতানা সরকার এবং জেটিভি অনলাইন টেলিভিশনের প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক মো. পাপেল মিয়া।

এছাড়াও জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ও রূপসী বাংলা টিভির গাজীপুর সিটি রিপোর্টার নয়ন মুনির, সহ-সভাপতি ও দৈনিক বাংলার বিপ্লবের যুগ্ম বার্তা সম্পাদক মানিক হোসেন বিজয় এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলার বিপ্লবের গাজীপুর জেলা সংবাদদাতা মাহমুদুল হাসান সাহেদ।

মাদকবিরোধী এ আলোচনা সভায় সংগঠনের অন্যান্য সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। সমাজ থেকে মাদক নির্মূলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান আয়োজকরা। পরে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...