Logo Logo

নোয়াখালীতে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদ্রাসা ছাত্রের মৃত্যু


Splash Image

নোয়াখালীর সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবদুল্লাহ আল মাসুম (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক নারী ও দুই শিশুসহ মোট ছয়জন আহত হয়েছেন।


বিজ্ঞাপন


শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাপুর-চেয়ারম্যান সড়কের মান্নাননগর কোম্পানীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ আল মাসুম নোয়াখালীর হাতিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শূন্যের চর গ্রামের সৈয়দ মাঝি বাড়ির বাসিন্দা মাওলানা কাউচারের ছেলে। তিনি সদর উপজেলার জামিয়া ইসলামিয়া ফয়জিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, শনিবার দুপুরে বাড়িতে খাবার খেয়ে বিকেলে মাদ্রাসার উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিকশায় রওনা দেন মাসুম। পথে সোনাপুর-চেয়ারম্যান সড়কের মান্নাননগর কোম্পানীঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল মাসুমকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে এক নারী ও দুই শিশুসহ মোট ছয়জন রয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও স্থানীয়রা গাড়িটি আটক করে রাখেন।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...