ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া
বিজ্ঞাপন
সোমবার (৬ জুলাই) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র তুলে দেন।
পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
তিনি বলেন, “ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে সৌদি রাষ্ট্রদূত জানিয়েছেন, ক্রাউন প্রিন্স বাংলাদেশ সফর করতে আগ্রহ প্রকাশ করেছেন এবং সুবিধাজনক সময়ে তিনি বাংলাদেশ সফর করবেন।”
হুমায়ুন কবির আরও বলেন, “ঐতিহাসিকভাবে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে। আমরা এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে চাই। ইতিবাচক সহযোগিতার মাধ্যমে সৌদি আরবের সঙ্গে আমাদের সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করার লক্ষ্য রয়েছে। দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।”
তিনি বলেন, “প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ এবং সৌদি ক্রাউন প্রিন্সের বাংলাদেশ সফরের আগ্রহ—উভয় বিষয়ই দুই দেশের সম্পর্কের গুরুত্ব ও গভীরতার প্রতিফলন।”
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সৌদি সফরের সময়সূচি সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেন, “আমন্ত্রণ এসেছে এবং প্রধানমন্ত্রী তা গ্রহণ করেছেন। তবে সফরের নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি দুই পক্ষের আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে। তবে গ্রীষ্মের পর প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা হচ্ছে।”
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং কূটনৈতিক যোগাযোগ আরও জোরদার করার ক্ষেত্রে এই সম্ভাব্য উচ্চপর্যায়ের সফরগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...