বিজ্ঞাপন
সোমবার (৬ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার লতিফপুর ইউনিয়নের চৌমুহনী-লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইন উদ্দিন লক্ষীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসার আলিম পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত আলিমের আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নিতে মাইন উদ্দিনসহ কয়েকজন শিক্ষার্থী বেগমগঞ্জের মীরওয়ারিশপুর ইউনিয়নের রাশেদিয়া ফাযিল মাদরাসা কেন্দ্রে যান। পরীক্ষা শেষে দুপুরে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী যানটি আমিন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ তিন পরীক্ষার্থী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাইন উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে মাদরাসার শিক্ষার্থী ও নিহতের স্বজনরা ক্ষোভে ফেটে পড়েন। তারা প্রায় দুই ঘণ্টা লক্ষীপুর-চৌরাস্তা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যানটি চালকসহ আটক করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...