Logo Logo

চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত


Splash Image

বন্যা পরিস্থিতি ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের নির্ধারিত পরীক্ষা এবং চট্টগ্রাম বোর্ডের আওতার বাইরে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত মধ্যরাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান বন্যা পরিস্থিতি এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার জেলা প্রশাসকদের পাঠানো প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় ৮ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতার বাইরে দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম বোর্ডের অধীন জেলা ব্যতীত) নির্ধারিত পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এর আগে মঙ্গলবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি প্রথম দফায় চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলার পরীক্ষাগুলো স্থগিতের ঘোষণা দেয়। তবে পরবর্তীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি বিবেচনায় নিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার বুধবারের পরীক্ষা স্থগিত করার নতুন সিদ্ধান্ত নেওয়া হয়।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১২ লাখ ৭০ হাজার নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেছেন। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষা শুরুর আগে গত ১ জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি বিবেচনায় রেখে প্রতিটি বিষয়ে তিন সেট করে প্রশ্নপত্র প্রস্তুত রাখা হয়েছে, যাতে প্রয়োজনে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...