Logo Logo

মিরপুরে ছিনতাই, মাদক সেবনসহ অসামাজিক কর্মকাণ্ড বৃদ্ধি;

শিক্ষার্থীদের জন্য ১৪ দফা নিরাপত্তা নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি


Splash Image

মেরিটাইম প্রতিনিধিঃ বিশ্ববিদ্যালয় -সংলগ্ন এলাকায় চুরি, ছিনতাই, মাদক সেবনসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ১৪ দফা সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) প্রশাসন।


বিজ্ঞাপন


সোমবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের সিকিউরিটি অ্যান্ড আইডি কার্ড শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে ঘটে যাওয়া ছিনতাই ও পরবর্তী ককটেল বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে। গত ২৯ জুন রাজধানীর মিরপুর-১২ এলাকায় ওশেনোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী খান তানজিদ আহমেদ অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার হন। পরে ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে গেলে শিক্ষার্থীদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় এবং বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি ওঠে।

শুধু সাম্প্রতিক এই ঘটনাই নয়, এর আগেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ছিনতাই, হয়রানি ও বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ সামনে এসেছে। ধারাবাহিক এসব ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। এমন প্রেক্ষাপটেই শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে এই সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই, মাদক সেবনসহ নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সব হল ও আশপাশে অবস্থানরত শিক্ষার্থীদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাফেরা করার আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনায় শিক্ষার্থীদের আলোকিত ও জনবহুল সড়ক ব্যবহার, নির্জন ও অন্ধকার রাস্তা পরিহার, সম্ভব হলে প্রধান সড়ক দিয়ে চলাচল, নিবন্ধিত রাইড-শেয়ার বা পরিচিত যানবাহন ব্যবহার এবং গাড়িতে ওঠার আগে নম্বরপ্লেট যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে যাত্রার তথ্য পরিবার বা বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করা, সন্দেহজনক কোনো পরিস্থিতি দেখা দিলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়া এবং প্রয়োজনে সহায়তা নেওয়ার কথাও বলা হয়েছে।

এছাড়া মূল্যবান সামগ্রী, দামি মোবাইল ফোন বা ল্যাপটপ প্রকাশ্যে ব্যবহার না করা, অপরিচিত ব্যক্তির সঙ্গে অপ্রয়োজনীয় আলাপ এড়িয়ে চলা, চারপাশের পরিস্থিতির প্রতি সতর্ক দৃষ্টি রাখা, একা চলাফেরা না করা, রাতে দীর্ঘ সময় নির্জন স্থানে অবস্থান থেকে বিরত থাকা, জরুরি প্রয়োজনে নিকটস্থ পুলিশ বক্স, নিরাপত্তাকর্মী বা জনবহুল স্থানে আশ্রয় নেওয়া, মানিব্যাগ ও মোবাইল নিরাপদে রাখা এবং বড় অঙ্কের অর্থ বহন না করার পরামর্শও দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, এসব নির্দেশনা অনুসরণ করলে শিক্ষার্থীরা ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত ঘটনার ঝুঁকি অনেকাংশে এড়াতে পারবেন।

অফিস আদেশে অতিরিক্ত রেজিস্ট্রার (সিকিউরিটি) কমান্ডার বিএন মো. দুরুল হুদার স্বাক্ষর রয়েছে। নির্দেশনাটি বিশ্ববিদ্যালয়ের সব দপ্তর, বিভাগ, শাখা ও ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। পাশাপাশি ডিনদের মাধ্যমে বিষয়টি সব শিক্ষার্থীকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...