Logo Logo

তীব্র স্রোতের কারনে বিলাইছড়ি-রাঙ্গামাটি নৌ চলাচল বন্ধ


Splash Image

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার রাইখ্যাং নদীতে পাহাড়ি ঢলের কারণে তীব্র স্রোত সৃষ্টি হওয়ায় বিলাইছড়ি-রাঙ্গামাটি নৌপথে যাত্রীবাহী বোট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। এতে নিয়মিত যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।


বিজ্ঞাপন


জানা গেছে, কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাইখ্যাং নদীর পানির প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এতে নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হওয়ায় বিলাইছড়ি থেকে রাঙ্গামাটাগামী নির্ধারিত বোট এবং রাঙ্গামাটি থেকে বিলাইছড়িমুখী নৌযান চলাচল বন্ধ রাখা হয়।

বিলাইছড়ি-রাঙ্গামাটি লাইনের বোটচালক মো. সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, নদীর স্রোত অত্যন্ত তীব্র হওয়ায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সকাল থেকে কোনো বোট চলাচল করা সম্ভব হয়নি। একই কারণে রাঙ্গামাটি থেকেও কোনো বোট বিলাইছড়ির উদ্দেশে ছেড়ে আসতে পারেনি।

তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে আগামীকাল থেকে যথারীতি নৌযান চলাচল শুরু হবে। পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নদীর পানির উচ্চতা অনুকূলে থাকলে আগামীকাল অথবা পরশু থেকে বিলাইছড়ি থেকে রাঙ্গামাটি পর্যন্ত একটানা একই বোটে যাতায়াত করা সম্ভব হবে, যা যাত্রীদের জন্য স্বস্তির খবর।

স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের কারণে রাইখ্যাং নদীতে প্রায়ই স্রোত বেড়ে যায়। তবে যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আবহাওয়া ও নদীর পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে নৌ চলাচল পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের প্রয়োজন ছাড়া নৌপথে যাতায়াত থেকে বিরত থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...