Logo Logo

গোপালগঞ্জে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত


Splash Image

গোপালগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভা, বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদানসহ নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বৃক্ষের চারা রোপণ করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক শরীফ রাফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ হুমায়ুন রশীদ এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ১০০টি গাছের চারা বিতরণ করা হয়। একইসঙ্গে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ১২ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদপত্র ও বৃক্ষের চারা তুলে দেন অতিথিরা।

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং অধিক হারে বৃক্ষরোপণের আহ্বান জানান।

এ কর্মসূচিতে জেলার বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...