Logo Logo

গোপালগঞ্জে আমার দেশ পত্রিকার সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন


Splash Image

সড়ক রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে দৈনিক আমার দেশ-এর সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। মামলাটিকে সম্পূর্ণ হয়রানিমূলক উল্লেখ করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।


বিজ্ঞাপন


শনিবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন, টুঙ্গিপাড়া প্রেসক্লাব, কোটালীপাড়া সাংবাদিক ফোরামসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত পেশাদার সাংবাদিকেরা অংশ নেন।

গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জয়ন্ত শিরালীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংবাদিক পলাশ সিকদার, টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন এবং কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সহসভাপতি কামরুল হাসান (চান মিয়া) সিকদার।

বক্তারা বলেন, সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজে অনিয়ম ও নিম্নমানের কাজের তথ্য তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় একজন সংবাদকর্মীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাঁদাবাজির মামলায় জড়ানো হয়েছে। এর মাধ্যমে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ এবং গণমাধ্যমকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে। তারা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের পাশাপাশি সংবাদে উল্লিখিত অনিয়মের ঘটনাটি নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

বক্তাদের অভিযোগ, জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের স্থানীয় প্রতিনিধি ইয়াসিন হোসেনের তত্ত্বাবধানে জেলার বিভিন্ন সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজের মান নিয়ে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে। এসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির তথ্য জনগণের সামনে তুলে ধরা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। অনিয়মের অভিযোগের সুষ্ঠু তদন্ত না করে উল্টো সংবাদ প্রকাশকারী সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা স্বাধীন গণমাধ্যমের জন্য অত্যন্ত উদ্বেগজনক। একই সঙ্গে সড়ক নির্মাণ কাজে অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা।

উল্লেখ্য, গত ৬ জুলাই 'আমার দেশ অনলাইন'-এ ‘কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়ম, কার্পেটিং উঠে যাওয়ার ভিডিও ভাইরাল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরদিন ৭ জুলাই গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে এই চাঁদাবাজির মামলাটি করেন জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের স্থানীয় প্রতিনিধি ইয়াসিন হোসেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’–এর আওতায় ৭৪ লাখ ৬৭ হাজার ৩০১ টাকা ব্যয়ে কোটালীপাড়ার শিকিরবাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত ১ হাজার ২৬৫ মিটার সড়কের রক্ষণাবেক্ষণ কাজের কার্যাদেশ পায় চুয়াডাঙ্গাভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেড।

স্থানীয়দের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে কাজ শেষ হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই সড়কের কার্পেটিং উঠে যেতে শুরু করে এবং বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...