বিজ্ঞাপন
শুক্রবার (১০ জুলাই) বিকেলে ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জুলাই গণ-অভ্যুত্থানের’ দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দলের মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এ পদযাত্রার আয়োজন করা হয়।
বিকেলে পৌর শহরের জিরোপয়েন্টের শহীদ চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে পথসভায় মিলিত হয়।
বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, অতীতে বিদ্যুৎ নিয়ে রাজনৈতিক প্রচারণা হলেও বর্তমানে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তিনি দাবি করেন, “আগে মাঝে মাঝে বিদ্যুৎ যেত, এখন মাঝে মাঝে আসে।” বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে সরকারের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে বাস্তব পরিস্থিতি বোঝা সম্ভব নয়; জনগণের কাছে গিয়ে প্রকৃত অবস্থা জানতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, দেশে এখনও মাদক, দুর্নীতি ও চাঁদাবাজি কমেনি। বেকার তরুণদের চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে রয়ে গেছে।
রাজনৈতিক বক্তব্যে হাসনাত বলেন, “সরকার চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে মাদক ও জুয়ার বিস্তার ঘটেছে।” একই সঙ্গে তিনি দাবি করেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমেই স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে।
দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এনসিপির বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির প্রমাণ থাকে, তা প্রকাশ করা হোক। “এক টাকার দুর্নীতিও প্রমাণ করতে পারবে না,”—এমন দাবি করে তিনি বলেন, দলটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ করছে।
তিনি আরও বলেন, এনসিপি এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে, পুলিশ ও প্রশাসন দলীয় প্রভাবমুক্ত থাকবে এবং বিচারপ্রার্থীরা আদালতে ন্যায়বিচার পাবেন।
২০২৪ সালের বন্যার সময় ১২ কোটি টাকা সংগ্রহের বিষয়ে ওঠা আলোচনা প্রসঙ্গে হাসনাত বলেন, দুর্যোগকালে সংগৃহীত অর্থ যথাযথভাবে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা এনসিপির আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোশাররফ হোসেন। এতে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব শেহেরিন ইরা, কেন্দ্রীয় সদস্য দিলারা খানম, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বকর মজুমদার, যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলাম ও কেন্দ্রীয় সদস্য মহি উদ্দিন রনি।
পথসভায় বক্তারা জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, সুশাসন, জবাবদিহি, রাজনৈতিক সংস্কার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এদিকে, হাসনাত আবদুল্লাহর উপস্থিতিতে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে দুই দফা হাতাহাতির ঘটনা ঘটে। প্রথম দফায় সোনাগাজীতে পদযাত্রার উদ্বোধনী মঞ্চে এবং দ্বিতীয় দফায় সন্ধ্যায় ফেনী শহরে দলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তবে পরিস্থিতি পরে নিয়ন্ত্রণে আসে।
এর আগে বিকেলে হাসনাত আবদুল্লাহ ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর এবং সোনাগাজীর শহীদ আবদুর গণি বোরহানের কবর জিয়ারত করেন। পরে তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...