বিজ্ঞাপন
শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ব্যাসপুর-জয়নগর বাজার সড়কের আলী হাসান তুল্কি মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চায়না পারভীন (৩৫) ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার রাখালগাছি গ্রামের বাসিন্দা। তার স্বামী চাঁন মিয়া (৩৮) ফরিদপুর আদালতে কর্মরত একজন পুলিশ কনস্টেবল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁন মিয়া স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে বোয়ালমারীর গ্রামের বাড়ি থেকে ফরিদপুরে ফিরছিলেন। পথে কাশিয়ানীর ব্যাসপুর-জয়নগর বাজার সড়কের আলী হাসান তুল্কি মাদ্রাসার সামনে পৌঁছালে একটি ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চায়না পারভীন গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়। একই দুর্ঘটনায় আহত হন তার স্বামী চাঁন মিয়া।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের স্ত্রী নিহত হয়েছেন এবং আহত পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহত চায়না পারভীনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...