Logo Logo

ফুলগাজীতে ৪০ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ওষুধসহ পিকআপ-মোটরসাইকেল জব্দ


Splash Image

ফেনীর ফুলগাজীতে পুলিশের একটি বিশেষ অভিযানে আনুমানিক ৪০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও জীবন রক্ষাকারী ওষুধ জব্দ করা হয়েছে। চোরাচালানের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেলও উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত চোরাকারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।


বিজ্ঞাপন


পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে ফুলগাজী থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর চৌধুরী বাড়ি জামে মসজিদের সামনের পাকা সড়কে এই অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি সাদা রঙের পিকআপ ভ্যান ফেলে রেখেই দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় থাকা গাড়িটি তল্লাশি করে ২২টি চটের বস্তা উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে ২১টি বস্তা থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৯৬০ পিস ভারতীয় শাড়ি এবং বাকি একটি বস্তা থেকে ৪২০টি লিডোকেন টপিক্যাল অ্যারোসল বিপি (Lidocaine Topical Aerosol BP) স্প্রে উদ্ধার করা হয়।

এছাড়া চোরাচালানের কাজে ব্যবহৃত নেত্রকোনা-ন ১১-০০৭৪ রেজিস্ট্রেশন নম্বরের সাদা পিকআপ ভ্যান এবং ফেনী-ল ১২-৬২৩২ নম্বরের একটি সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। স্থানীয় উপস্থিত সাক্ষীদের সামনে জব্দকৃত মালামাল ও যানবাহনের তালিকা প্রস্তুত করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।

ফুলগাজী থানা পুলিশ জানিয়েছে, এই চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত অভিযান অব্যাহত রয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...