Logo Logo

তেঁতুলিয়ায় গোপনে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন


Splash Image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মামলা বিচারাধীন থাকা অবস্থায় বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠনকে কেন্দ্র করে শিক্ষক সমাজে ব্যাপক আলোচনা-সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। কমিটি গঠনের প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক শিক্ষক প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন।


বিজ্ঞাপন


প্রতিবাদকারী শিক্ষকদের অভিযোগ, নতুন কমিটি গঠনের আগে উপজেলার অধিকাংশ শিক্ষকের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা মতামত গ্রহণ করা হয়নি। এমনকি কয়েকজন শিক্ষক দাবি করেছেন, তাদের অনুমতি বা সম্মতি ছাড়াই কমিটির বিভিন্ন পদে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে শিক্ষক হুমায়ুন কবির জানান, তিনি এ ধরনের কোনো কমিটি গঠনের বিষয়ে অবগত ছিলেন না। তাকে না জানিয়ে কমিটিতে তার নাম যুক্ত করা হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি ওই কমিটিকে প্রত্যাখ্যান করে সকল শিক্ষকের মতামতের ভিত্তিতে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের দাবি জানান।

এদিকে কমিটি গঠন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষক সমাজের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই শিক্ষক সমিতির নেতৃত্ব নির্বাচনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করার পক্ষে মত দিয়েছেন। ফেসবুকের মন্তব্যে এমডি নাজির হোসেন নামে এক শিক্ষক জানান, পরিকল্পনা সম্পাদক পদে তার নাম রাখা হলেও বিষয়টি সম্পর্কে তিনি আগে থেকে কিছুই জানতেন না। প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় অর্ধশতাধিক মন্তব্য দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কমিটি গঠনকে কেন্দ্র করে প্রায় দেড় বছর আগে একটি মামলা দায়ের করা হয়, যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে আদালতের নিষেধাজ্ঞাও বলবৎ রয়েছে বলে জানা যায়। এমন পরিস্থিতিতে নতুন কমিটি গঠনের বৈধতা ও ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেক শিক্ষক।

এ বিষয়ে লোহাকাচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির বলেন, তিনি সদ্য ঘোষিত কমিটি সম্পর্কে অবগত নন। তিনি জানান, প্রায় দেড় বছর আগে তিনি বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক (সেক্রেটারি) পদে মনোনয়ন দিয়েছিলেন। তবে নির্বাচনের পূর্বমুহূর্তে কমিটি গঠনকে কেন্দ্র করে আদালতে মামলা হলে আদালত কমিটি গঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। তিনি আরও বলেন, সদ্য প্রকাশিত কমিটিতে জেলা কমিটির কোনো স্বাক্ষর নেই। এ কারণে কমিটি বাতিলের বিষয়ে মামলা পরিচালনাকারীদের সঙ্গে আলোচনা করে আদালতকে বিষয়টি অবহিত করা হবে।

অন্যদিকে বুড়িমুটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং সদ্য ঘোষিত বাংলাদেশ শিক্ষক সমিতি তেঁতুলিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস আলম লিটন বলেন, কেন্দ্রীয় কমিটি তালিকা চাওয়ায় নির্বাচনের সময় ৪৮ জন যে যে পদে মনোনয়ন দিয়েছিলেন, সেই তালিকাই কেন্দ্রে পাঠানো হয়। পরে কেন্দ্র থেকেই ওই কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

মামলার রায় হলে পুনরায় নির্বাচন আয়োজন করে নতুন কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ফেরদৌস আলম লিটন বলেন, একটি উপজেলা কমিটি দীর্ঘদিন শূন্য রাখা সম্ভব নয়। তাই চলমান সাংগঠনিক কার্যক্রম পরিচালনার স্বার্থে আগে যে যার পদে মনোনয়ন দিয়েছিলেন, তাদের সেই পদেই বহাল রেখে আপাতত কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...