বিজ্ঞাপন
দিবসটি উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আলোচনা সভা, অভিজ্ঞতা বিনিময় এবং বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তা-কর্মচারী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
রোববার (১২ জুলাই) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক বিপ্রেশ ভট্টাচার্য। সূচনা বক্তব্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিকল্পিত পরিবার গঠন, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, কৈশোরকালীন স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করার কোনো বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রমকে আরও জনবান্ধব ও কার্যকর করতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হাসিবুল নাহিন সোহান, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুফি মিয়া এবং পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার।
বক্তারা বলেন, বিশ্ব জনসংখ্যা দিবস কেবল একটি আনুষ্ঠানিক দিবস নয়; এটি জনসংখ্যা, স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। পরিবার পরিকল্পনা সেবার বিস্তার, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং পরিবার কল্যাণ কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এ সময় বক্তব্য দেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, পাথারিয়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক ভূপতি রঞ্জন দাস, পশ্চিম পাগলা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মোছা. শাহিনা আক্তার, পরিবার কল্যাণ সহকারী হেনা আক্তার এবং কেয়ার বাংলাদেশের প্রতিনিধি রাফিয়া বেগম। বক্তারা পরিবার পরিকল্পনা কার্যক্রমে মাঠপর্যায়ের কর্মীদের নিষ্ঠা ও আন্তরিকতার প্রশংসা করেন এবং জনসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, সিনিয়র সদস্য আবিদ উদ্দিনসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধিরা।
আলোচনা সভা শেষে ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানের সমাপনী পর্বে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখা কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণ, মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, প্রজনন স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকারের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...