Logo Logo

ফেনীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি


Splash Image

ফেনী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ১ কোটি ২ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, থ্রিপিস, কসমেটিক্স, চকলেট এবং বিভিন্ন ধরনের ওষুধ।


বিজ্ঞাপন


রোববার (১২ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা এবং চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে পরিত্যক্ত অবস্থায় এসব চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, উদ্ধার করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১ লাখ ৭৯ হাজার ৭৫ টাকা। এসব পণ্য অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে আনার চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধ, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা, মাদক ও অন্যান্য অবৈধ পণ্যের পাচার রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান দমনে স্থানীয় জনসচেতনতা বৃদ্ধি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনার ফলে অবৈধ পণ্য পাচারের বিভিন্ন প্রচেষ্টা প্রতিহত করা সম্ভব হচ্ছে। উদ্ধার করা পণ্যগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...