Logo Logo

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে


Splash Image

প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সরকারি সফরে বরিশাল পৌঁছেছেন। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম বরিশাল সফর। সফরের শুরুতেই তিনি গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেন।


বিজ্ঞাপন


সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার দিকে রাজধানীর গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ৯টার দিকে তিনি বরিশালে পৌঁছান। সফরসূচি অনুযায়ী প্রথমেই তিনি গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সরিকল-বাটাজোর খালপাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

এ সময় প্রধানমন্ত্রী একযোগে প্রায় দুই হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। পাশাপাশি শেষ মুহূর্তে সফরসূচিতে যুক্ত হওয়া ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

এরপর প্রধানমন্ত্রী বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকার বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালপাড়ে দ্বিতীয় দফায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সেখানে তিনি জিআই স্বীকৃত বরিশালের আমড়া ও নারিকেল গাছের চারা নিজ হাতে রোপণ করবেন। একই সঙ্গে খালপাড়জুড়ে শতাধিক দেশীয় ফলজ, বনজ ও ফুলের গাছ লাগানোর কর্মসূচিও বাস্তবায়ন করা হবে।

বিকেলে প্রধানমন্ত্রী বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। সভায় বরিশাল বিভাগের সাংগঠনিক নেতৃবৃন্দ, স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী-প্রতিমন্ত্রী, বরিশাল সিটি করপোরেশন ও জেলা পরিষদের প্রশাসকসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে দলীয়ভাবে কোনো তোরণ, ব্যানার বা ফেস্টুন ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা অনুসরণ করে ব্যতিক্রমী আয়োজন হিসেবে গৌরনদী থেকে বরিশাল নগর পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কের দুই পাশে মানবপ্রাচীর গড়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বিএনপির নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেবেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের এটি প্রথম বরিশাল সফর। এ কারণে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তবে জনদুর্ভোগ সৃষ্টি হয়—এমন কোনো আয়োজন করা হয়নি। সড়কের দুই পাশে শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হবে।

বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার জানান, প্রধানমন্ত্রীর সরকারি সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং সার্বিক সমন্বয়ে সংশ্লিষ্ট সব দপ্তর কাজ করছে। তিনি বলেন, শিল্পকলা একাডেমিতে রাজনৈতিক কর্মসূচির আয়োজন বিএনপির পক্ষ থেকে করা হলেও প্রশাসন প্রয়োজনীয় নিরাপত্তা ও লজিস্টিক সহায়তা প্রদান করবে।

প্রধানমন্ত্রীর প্রথম বরিশাল সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে বরিশালের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে নতুন দিকনির্দেশনা আসবে।

দিনব্যাপী কর্মসূচি শেষে সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...