বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়, মাহশাহরের একটি কৃষি পানি পাম্পিং স্টেশন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত এবং চারজন আহত হন।
খুজেস্তান প্রদেশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাটি কৃষি কাজে ব্যবহৃত একটি পানি পাম্পিং স্টেশন। নিহত ব্যক্তি ওই স্থাপনার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
দেশটির নিরাপত্তা ও আইনপ্রয়োগকারী সংস্থার ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি বলেন, হামলাটি সোমবার ভোরে সংঘটিত হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং জরুরি ও চিকিৎসাসেবা বিভাগের কর্মীরা তাদের শারীরিক অবস্থার সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।
এদিকে একই সময়ে ইরানের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাস এবং হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় রাত প্রায় সাড়ে ১০টার দিকে ইরানি বার্তাসংস্থা মেহের ও ফার্স নিউজ এ তথ্য প্রকাশ করে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।
পরে কেশম দ্বীপের গভর্নর হোসেইন আমির জানান, শত্রুপক্ষের ছোড়া ১০ থেকে ১১টি বস্তু, যা সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে, দ্বীপটিতে আঘাত হেনেছে।
তিনি রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনাকে বলেন, হামলাগুলো কেবল সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে। এখন পর্যন্ত ওই হামলায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত রাতজুড়ে ইরানের উপকূলীয় বিভিন্ন অঞ্চলে ব্যাপক হামলা চালানো হয়েছে বলে ইরানি সূত্র জানিয়েছে। এর জবাবে ইরান উপসাগরীয় আরব অঞ্চলের পাঁচটি দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করা হয়েছে।
সূত্র: আল জাজিরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...