বিজ্ঞাপন
পৌরসভা সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই ঝালঃ/পৌরঃ/প্রকৌঃ/২০২৬-১৪০ নম্বর স্মারকে এই নোটিশ জারি করা হয়। তবে বিষয়টি গত ১২ জুলাই সন্ধ্যায় প্রকাশ্যে আসে। ঝালকাঠি পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) টি. এম. রেজাউল হক রিজভী স্বাক্ষরিত এই নোটিশটি পাঠানো হয়েছে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ঠিকাদারি প্রতিষ্ঠান 'আড়াইহাজার ইন্টারন্যাশনাল'-এর স্বত্বাধিকারী মো. আশরাফুলের নামে।
নোটিশে উল্লেখ করা হয়, চলতি অর্থবছরের একটি প্যাকেজের আওতায় গত জুন মাসে ঝালকাঠি পৌর এলাকার ফায়ার সার্ভিস মোড় থেকে কলেজ মোড় পর্যন্ত সড়কের জরুরি বিটুমিনাস কার্পেটিংয়ের কাজ সম্পন্ন করা হয়। কাজ শুরুর পর থেকেই নির্মাণকাজের নিম্নমান নিয়ে ঠিকাদারকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি তা আমলে নেননি এবং নিজের ইচ্ছামতো কাজ চালিয়ে যান। এই কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান বিলের আবেদন করলেও এখন পর্যন্ত পৌরসভা থেকে তাদের কোনো বিল পরিশোধ করা হয়নি।
পৌর কর্তৃপক্ষের নোটিশে আরও বলা হয়েছে, সাম্প্রতিক অতিবর্ষণের কারণে সড়কের বিভিন্ন অংশের সিলকোট উঠে গেছে, যা পৌরসভার ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। এই পরিস্থিতিতে আগামী সাত দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত অংশ নিজ দায়িত্বে সংস্কার করে লিখিতভাবে পৌরসভাকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় উদ্ভূত সব ধরনের জটিলতার দায় সংশ্লিষ্ট ঠিকাদারকেই বহন করতে হবে বলে সতর্ক করেছে পৌর কর্তৃপক্ষ।
এই বিষয়ে ঝালকাঠির প্রবীণ আইনজীবী মাহবুবুল আলম কবীর মন্তব্য করেছেন যে, এ ধরনের প্রশাসনিক পদক্ষেপ অনেকটা আইওয়াশ বা লোকদেখানো। তাঁর মতে, নির্মাণকাজ চলাকালে প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত সরেজমিনে উপস্থিত থেকে কাজের মান নিশ্চিত করার বিধান রয়েছে। পাশাপাশি পৌর প্রশাসকেরও সার্বিক তদারকি করার দায়িত্ব রয়েছে। তিনি নিয়মিত নির্মাণস্থল পরিদর্শন করলে এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ার কথা নয়। এখন শুধু ঠিকাদারকে দায়ী করে অন্যরা নিজেদের দায়িত্ব এড়ানোর চেষ্টা করছে এবং জনগণ পুরো বিষয়টি বুঝতে পারছে।
এদিকে নিম্নমানের কাজের কারণে নতুন সংস্কার করা সড়কের কার্পেটিং উঠে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। দ্রুত ও মানসম্মত উপায়ে সড়কটি পুনরায় সংস্কার করার পাশাপাশি ভবিষ্যতে যেকোনো নির্মাণকাজে কঠোর তদারকি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন পৌরবাসী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...