Logo Logo

হরমুজ ইস্যুতে ইরানে রাতভর মার্কিন হামলা


Splash Image

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার জেরে ইরানের অভ্যন্তরে রাতভর একের পর এক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রণালির ওপর আধিপত্য বিস্তারের লক্ষ্যে ইরানের ব্যবহৃত ও সংশ্লিষ্ট সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই জোরালো হামলা চালানো হয়। আজ মঙ্গলবার (১৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।


বিজ্ঞাপন


মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে আঘাত হানা লক্ষ্যবস্তুগুলোর ধারাবাহিকতা বজায় রেখেই এবারের অভিযানটি পরিচালিত হয়েছে। বিশেষ করে ইরানের উপকূলরক্ষী ঘাঁটি, সামরিক আশ্রয়কেন্দ্র এবং কৌশলগত এই প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচলে বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টির সঙ্গে জড়িত ইরানি বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অভ্যন্তরে এই হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। সেই সঙ্গে তিনি নতুন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের ভেতরের আরও একটি বিশেষ লক্ষ্যবস্তু, তথা দেশটির একটি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর বিষয়টিও বর্তমানে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, স্থানীয় সময় রাত ৩টা ১০ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলীয় বুশেহর শহরে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এই বিস্ফোরণের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা বিবৃতি পাওয়া যায়নি।

মেহের নিউজ এজেন্সি আরও জানায়, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের ওমিদিয়া শহরেও মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। স্থানীয় এক কর্মকর্তার তথ্য অনুযায়ী, ওমিদিয়া শহরের ওই হামলায় অন্তত চারজন আহত হয়েছেন।

এর আগে ইরানের বিরুদ্ধে কৌশলগত হরমুজ প্রণালিতে নতুন করে অবরোধ পুনর্বহাল করার ঘোষণা দেয় মার্কিন প্রশাসন। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা ও অবরোধ আরোপ করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে এখন থেকে যুক্তরাষ্ট্র অর্থ আদায় করবে।

সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, এখন থেকে 'হরমুজ প্রণালির অভিভাবক' হিসেবে দায়িত্ব পালন করবে যুক্তরাষ্ট্র।

তিনি আরও উল্লেখ করেন, বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অস্থিতিশীল এই অঞ্চলে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যয় মেটাতে অবিলম্বে এই পথ দিয়ে চলাচলকারী সকল কার্গো জাহাজের ওপর ২০ শতাংশ হারে কর বা অর্থ আদায় করা হবে। এই কর আদায়ের প্রক্রিয়া অবিলম্বে শুরু হতে যাচ্ছে বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...