Logo Logo

সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ-নদীর পানি


Splash Image

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির পর অবশেষে স্বস্তির আভাস মিলেছে সুনামগঞ্জে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে আকাশে রোদের দেখা মেলায় এবং জেলার বিভিন্ন নদ-নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করায় নিম্নাঞ্চলের মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে।


বিজ্ঞাপন


সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলার অধিকাংশ নদ-নদীর পানি এখন নিম্নমুখী প্রবণতায় রয়েছে। তবে ছাতক পয়েন্টে কুশিয়ারা নদীর পানি এখনো বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও আগের তুলনায় পানির উচ্চতা কিছুটা কমেছে।

অন্যদিকে, সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বর্তমানে বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একইভাবে যাদুকাটা নদীর লাউড়েরগড় ও দিরাই পয়েন্টেও পানির উচ্চতা কমতে শুরু করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গত কয়েক দিনের টানা বৃষ্টিপাত এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে জেলার সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, বৌলাইসহ প্রায় সব নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পায়। এতে নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়, তলিয়ে যায় বহু গ্রামীণ সড়ক এবং নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগে পড়তে হয়।

তবে সোমবার বিকেলের পর থেকে বৃষ্টিপাত বন্ধ হওয়া এবং মঙ্গলবার সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করায় নদ-নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। এর ফলে অনেক এলাকায় প্লাবিত গ্রামীণ সড়ক থেকে পানি নেমে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। যদিও কিছু নিচু এলাকায় এখনো পানি জমে রয়েছে, তবুও আগের তুলনায় পানির স্রোতের তীব্রতা উল্লেখযোগ্যভাবে কমেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিনের টানা দুর্ভোগের পর রোদের দেখা পাওয়ায় তারা স্বস্তি অনুভব করছেন। তবে নিচু এলাকায় এখনো পানি থাকায় পুরোপুরি স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে আরও কিছুটা সময় লাগবে বলে তাদের ধারণা।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. এমদাদুল হক বলেন, সোমবার বিকেল থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকায় জেলার নদ-নদীর পানি ধীরে ধীরে কমছে। পাশাপাশি যেসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল, সেখানকার পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...