বিজ্ঞাপন
মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান জানিয়েছেন, নিরাপত্তা বহরের একটি গাড়িতে যে ইটের টুকরোটি এসে পড়তে দেখা গেছে, তা আসলে ইচ্ছাকৃতভাবে ছিটানো বা ছুড়ে মারা কোনো ইট ছিল না; বরং বহরের সামনে থাকা অপর একটি গাড়ির চাকার ঘূর্ণন থেকে ছিটকে আসা ইটের টুকরো ছিল।
এর আগে গতকাল সোমবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরের সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে। পরবর্তীতে ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও রহস্যের সৃষ্টি হয়।
ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিশেষ বাসটি সড়ক ধরে এগিয়ে চলছে এবং বাসের ভেতর দাঁড়িয়ে তিনি মহাসড়কের পাশে অপেক্ষমাণ কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করছেন। এ সময় তাঁকে বহনকারী বাসের সামনে ও পেছনে নিরাপত্তার দায়িত্বে থাকা একাধিক গাড়ি সারিবদ্ধভাবে যাচ্ছিল। দৃশ্যটিতে দেখা যায়, বাসের পেছনে থাকা নিরাপত্তা বহরের তৃতীয় গাড়িটির সম্মুখভাগের কাচে হঠাৎ একটি ইটের টুকরো এসে আঘাত করে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার সত্যতা নিশ্চিত করতে মাঠে নামে একাধিক তদন্ত দল।
এই বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, "বিষয়টি আমাদের নজরে আসার পরপরই পুলিশ প্রশাসন, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত শুরু করেন। তদন্তের প্রাথমিক তথ্য বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে, প্রধানমন্ত্রীর গাড়ি বহরে বাইরে থেকে কোনো ধরনের ইট নিক্ষেপ করা হয়নি। মূলত বহরে থাকা সামনের গাড়ির চাকার নিচে পড়া পিচঢালা রাস্তার পাশে পড়ে থাকা একটি ইটের টুকরো তীব্র গতিতে ছিটকে এসে পেছনের গাড়ির কাঁচে লাগে।"
তিনি আরও যোগ করেন, বিভ্রান্তি দূর করতে এবং সার্বিক পরিস্থিতি স্পষ্ট করার লক্ষ্যে এই বিষয়ে খুব শিগগিরই পুলিশ হেডকোয়ার্টার্স থেকে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ব্রিফ করা হতে পারে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...