Logo Logo

অধ্যাপক মিয়া গোলাম পরোওয়ার

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে


Splash Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেছেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েও বর্তমান সরকার তা পালন না করে জনগণের সঙ্গে ‘প্রতারণা’ করছে এবং দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।


বিজ্ঞাপন


সোমবার (১৩ জুলাই) বিকেলে ফেনীর একটি কনভেনশন হলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। স্বাগত বক্তব্য দেন এবি পার্টির ফেনী জেলা সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক আবু ইউসুফ।

এছাড়া বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, এবি পার্টির জেলা সভাপতি মাস্টার আহসান উল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা নাজমুল আলম, এনসিপির জেলা সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, জেলা বিডিপি সেক্রেটারি মোহাম্মদ ইসমাইল, জেলা জাগপা সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন, ছাত্রশিবিরের জেলা সভাপতি ইমাম হোসেন আরমান এবং শহর সভাপতি সফিকুল ইসলাম।

বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, সরকার জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ভুলে গিয়ে জনগণকে প্রতারিত করছে। তিনি দাবি করেন, ফ্যাসিবাদমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা থাকলেও বিএনপি ক্ষমতায় এসে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে আবারও কর্তৃত্ববাদী রাষ্ট্র পরিচালনার পথে হাঁটছে।

তিনি আরও বলেন, সংসদের দক্ষিণ প্লাজায় ৩৩টি রাজনৈতিক দলের মাধ্যমে ৮৪টি ধারা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপিসহ সংশ্লিষ্ট দলগুলো স্বাক্ষর করেছিল এবং ক্ষমতায় যাওয়ার পরও প্রতিটি ধারা অক্ষরে অক্ষরে বাস্তবায়নের অঙ্গীকার করেছিল। কিন্তু এখন সংবিধান সংস্কারের পরিবর্তে কেবল সংশোধনের কথা বলা হচ্ছে। তার ভাষায়, সরকার ‘নব্য কর্তৃত্ববাদী’ শাসনব্যবস্থা প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে, যা সফল হবে না।

জামায়াতের এই নেতা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে তারা সংসদ ও রাজপথ—উভয় ক্ষেত্রেই আন্দোলন গড়ে তুলবেন। একই সঙ্গে সরকারকে সতর্ক করে তিনি বলেন, “আমাদের রাজপথে নামতে বাধ্য করবেন না। সেটা কারও জন্যই মঙ্গলজনক হবে না।”

তিনি আরও দাবি করেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রব্যবস্থার সংস্কার হলে প্রধানমন্ত্রীর একক কর্তৃত্ব থাকবে না এবং প্রশাসনের বিভিন্ন পদে দলীয়করণের সুযোগও সীমিত হবে। এ কারণেই সরকার সংস্কারে আগ্রহী নয় বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, এটি জনগণের সঙ্গে ‘অন্তহীন প্রতারণা’।

সেমিনারে প্রধান বক্তা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “১৯৭১-এর ব্যবসা করে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে দেশ ছেড়ে পালিয়েছে। আপনারা নতুন করে ৭১-এর ব্যবসা শুরু করেছেন। সেসব বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতির পথে ফিরে আসুন।”

তিনি বন্যা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে বলেন, দেশের বহু জেলার স্কুল, কলেজ ও মাদ্রাসা পানির নিচে তলিয়ে গেলেও সরকার কোনো পরীক্ষা স্থগিত করেনি। তিনি প্রশ্ন তোলেন, “একটি শিশু ডুবে গেলে তার দায় কে নেবে?” পাশাপাশি প্রতিবছর বন্যার পুনরাবৃত্তি, পানি নিষ্কাশনের সংকট এবং উজানের পানিতে দেশের মানুষকে দুর্ভোগ পোহাতে হওয়ার কারণ অনুসন্ধান ও স্থায়ী সমাধানে সরকারের উদ্যোগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সেমিনারে বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার দাবিও পুনর্ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...