বিজ্ঞাপন
আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের তেওলা এলাকার বাসিন্দা ও ভুক্তভোগী পিতা সৈয়দ মোকছেদ আলী (৮০) তাঁর পুত্র মো. রাজিব হোসেন রাজুর (৩০) বিরুদ্ধে নলছিটি থানায় এই লিখিত অভিযোগ দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সৈয়দ মোকছেদ আলীর ছোট ছেলে মো. রাজিব হোসেন রাজু দীর্ঘদিন ধরে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য পান করে আসছেন। তিনি প্রায়ই গভীর রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করতেন এবং কেউ এর প্রতিবাদ করলে তাঁর ওপর চড়াও হতেন। গত ১৩ জুলাই রাজিব তাঁর পিতার কাছে জমি নিজের নামে লিখে দেওয়ার অথবা জমি বিক্রি করে সেই টাকা তাঁকে দেওয়ার দাবি জানান। বৃদ্ধ পিতা এতে অসম্মতি জানালে রাজিব ক্ষিপ্ত হয়ে তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গুরুতর জখম করেন। এ সময় রাজিবের মা মোসাঃ তাসলিমা বেগম স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে পাষণ্ড ছেলে তাঁকেও মারধর করে। পরে পরিবারের অন্য সদস্যরা এসে তাঁদের উদ্ধার করেন। ঘটনার পর রাজিব নেশার টাকা জোগাড় করতে ঘরে থাকা স্বর্ণের চেইন ও মায়ের কানের দুল নিয়ে পালিয়ে যান।
রাজিবের বোন সৈয়দা মুন্নি আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমার ভাই নিয়মিত মাদক সেবন করে। সে টাকার জন্য শুধু আমার পিতাকেই নয়, আমাদের জন্মদাত্রী মাকেও বিভিন্ন সময় মারধর করেছে। ইতিপূর্বে সে একাধিকবার এ ধরনের জঘন্য কাজ করেছে এবং পরিবারের কারও কোনো কথাই সে শোনে না। সর্বনাশা মাদকের কারণে আমাদের পরিবারটি আজ ধ্বংসের পথে। গত ১৩ তারিখও সে নেশার টাকা না পেয়ে বাবাকে জমি বিক্রি করার চাপ দেয় এবং বাবা রাজি না হওয়ায় তাঁকে নির্মমভাবে মারধর করে। নিরুপায় হয়েই বাবা অবশেষে থানায় এসে অভিযোগ দিয়েছেন।"
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী সৈয়দ মোকছেদ আলী অত্যন্ত প্রবীণ ও শারীরিকভাবে অসুস্থ একজন মানুষ। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি কয়েকবার স্ট্রোক করার কারণে ভালোমতো হাঁটতেও পারেন না। এমন একজন অসহায় বৃদ্ধ মানুষকে তাঁর নিজের ছেলে এভাবে মারধর করেছে, যা অত্যন্ত দুঃখজনক।
তিনি আরও জানান, পুলিশ এজাহার পাওয়ার পরপরই দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলে রাজিব হোসেন রাজুকে গ্রেপ্তার করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...