বিজ্ঞাপন
জানা গেছে, গত সোমবার (১৩ জুলাই) রাতে স্বামী শাহ আলম শেখ (বাবু) বসতঘরে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর বুধবার (১৫ জুলাই) আদালতের মাধ্যমে নোটারি পাবলিকের সহায়তায় স্বামীকে আইনানুগভাবে তালাক দেন স্ত্রী তাসলিমা খানম।
স্থানীয় বাসিন্দা আবু বক্কার, শেখ রইচ ও কামাল হোসেন জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে সিঙ্গিপাড়া আশ্রয়ণ প্রকল্পে একটি ঘর বরাদ্দ পান ভূমিহীন তাসলিমা খানম। এরপর থেকে তিনি স্বামী শাহ আলম শেখ (বাবু) ও দুই সন্তানকে নিয়ে সেখানে বসবাস করে আসছিলেন। তবে দীর্ঘদিন ধরেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। অভিযোগ রয়েছে, শাহ আলম নিয়মিত মাদক সেবন করে বাড়ি ফিরে স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতেন।
তাদের ভাষ্য, সম্প্রতি তাসলিমা স্বামীর মাদকাসক্তি ও নির্যাতনের প্রতিবাদ করলে শাহ আলম ক্ষিপ্ত হয়ে গত সোমবার রাতে আশ্রয়ণ প্রকল্পের ওই বসতঘরে আগুন ধরিয়ে দেন বলে তাদের সন্দেহ। পরে স্থানীয়রা প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর থেকেই শাহ আলম পলাতক রয়েছেন।
ভুক্তভোগী তাসলিমা খানম অভিযোগ করে বলেন, তার স্বামী যা আয় করেন তার বেশিরভাগই মাদক সেবনে ব্যয় করেন। তিনি সংসারের ভরণ-পোষণ দেন না, বরং নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই তাকে মারধর করেন। এসবের প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে তিনি বসতঘরে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেন তাসলিমা।
তিনি বলেন, “যে ব্যক্তি নিজের বসতঘরেই আগুন দিতে পারে, তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক রাখা সম্ভব নয়। অনেকবার সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছি। কিন্তু ঘরে আগুন দেওয়ার ঘটনার মধ্য দিয়ে সে সব সীমা অতিক্রম করেছে। তাই আদালতে গিয়ে আইনানুগভাবে তাকে তালাক দিয়েছি।”
এ বিষয়ে শাহ আলম শেখ (বাবু)-এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম বলেন, সরকারি যেকোনো স্থাপনায় আগুন দেওয়া শাস্তিযোগ্য অপরাধ। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...