Logo Logo

সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন বিতরণ


Splash Image

সাতক্ষীরা সিটি কলেজ পরীক্ষা কেন্দ্রে এইচএসসি ভূগোল প্রথম পত্র পরীক্ষায় চরম গাফিলতি ও প্রশ্নপত্র বিভ্রাটের ঘটনা ঘটেছে। পরীক্ষার শুরুতে প্রথম পত্রের পরিবর্তে ভুলবশত ভূগোল দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বিতরণ করে কর্তৃপক্ষ। শুধু তাই নয়, সৃজনশীল অংশের প্রশ্ন দিতে গিয়েও ভুলক্রমে বিগত ২০২৫ সালের প্রশ্নপত্র পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। পরীক্ষা শুরুর প্রায় ২০ থেকে ২৫ মিনিট পর বিষয়টি ধরা পড়লে কেন্দ্রজুড়ে তীব্র চাঞ্চল্য ও পরীক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ-বিভ্রান্তির সৃষ্টি হয়। এই নজিরবিহীন অবহেলার দায়ে তাৎক্ষণিকভাবে কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।


বিজ্ঞাপন


গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় সারা দেশের মতো এই কেন্দ্রেও ভূগোল প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়। তবে শুরুতেই প্রথম পত্রের বহুনির্বাচনী (এমসিকিউ) প্রশ্নের পরিবর্তে আগামী ১৮ জুলাই অনুষ্ঠিতব্য ভূগোল দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্নপত্র শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

পরীক্ষার্থীরা জানান, ভুল প্রশ্নপত্র হাতে পাওয়ার পর প্রায় ১৫ থেকে ২০ মিনিট তারা ওই প্রশ্নেই উত্তর লেখা শুরু করেন। পরবর্তীতে দায়িত্বরত শিক্ষকরা ভুলটি শনাক্ত করে তড়িঘড়ি করে প্রশ্নপত্রগুলো ফিরিয়ে নেন। এরপর প্রথম পত্রের সঠিক এমসিকিউ প্রশ্নপত্র সরবরাহের পর পরীক্ষা পুনরায় শুরু হয়। কিন্তু বিপত্তি এখানেই শেষ হয়নি। সৃজনশীল (সিকিউ) অংশের প্রশ্নপত্র দিতে গিয়ে ঘটে আরেক দফা বিভ্রাট। এবার চলতি বছরের প্রশ্নের বদলে ভুলক্রমে ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ করা হয়। কয়েক মিনিটের মধ্যে সেটিও শিক্ষার্থীদের কাছ থেকে প্রত্যাহার করে অবশেষে ২০২৬ সালের সঠিক প্রশ্নপত্র দেওয়া হয়। এই জোড়া বিভ্রাটের কারণে পরীক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হয়।

এ বিষয়ে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা) রিপন বিশ্বাস বলেন, "প্রশ্নপত্র বাছাই (সোর্টিং) করার সময় কলেজ কর্তৃপক্ষের অসাবধানতার কারণে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে জানানো হয়েছে এবং প্রাথমিকভাবে কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।"

সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ জানান, ঘটনার বিস্তারিত বিবরণ শিক্ষা বোর্ডকে অবহিত করা হয়েছে। তদন্তের স্বার্থেই কেন্দ্র সচিবকে দ্রুত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম মো. আব্দুস ছালাম বলেন, "ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহারের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ড থেকেও তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হবে। জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।"

চেয়ারম্যান আরও জানান, যেহেতু আগামী ১৮ জুলাই অনুষ্ঠিতব্য ভূগোল দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র আগেই ফাঁস বা উন্মুক্ত হয়ে গেছে, তাই ওই প্রশ্নপত্র বহাল থাকবে কি না, সে বিষয়ে শিক্ষা বোর্ড দ্রুত জরুরি সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, সাতক্ষীরা সিটি কলেজ কেন্দ্রটিতে এই বছর সাতক্ষীরা সিটি কলেজ, সাতক্ষীরা ডে-নাইট কলেজ, ঝাউডাঙ্গা কলেজ ও শহীদ স্মৃতি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। কর্তৃপক্ষের এমন চরম গাফিলতিতে পরীক্ষার্থীদের মাঝে সাময়িক মানসিক চাপ ও বিভ্রান্তির সৃষ্টি হলেও পরে অতিরিক্ত সময়ে পরীক্ষা সম্পন্ন হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...