Logo Logo

নদীভাঙনের ঝুঁকি থেকে রক্ষায় টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন


Splash Image

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি থেকে উপকূলীয় জনপদকে স্থায়ীভাবে সুরক্ষার দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের আহ্বান জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়নের পাঁচচুঙ্গা এলাকার ঝুঁকিপূর্ণ ভাঙা বেরিবাঁধের ওপর এ কর্মসূচির আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন এবং সুন্দরবন জনতা ক্লাব। মানববন্ধনে কয়েক শতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নেন। "ত্রাণ নয়, চাই স্থায়ী সমাধান"—এই স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

মানববন্ধনে বক্তারা বলেন, জিনতলা থেকে বাদুরতলা পর্যন্ত বেরিবাঁধ দীর্ঘদিন ধরে ভাঙনের ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে পদ্মাভাঙন এলাকা ও রুহিতা গ্রামের হাজারো মানুষ প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে বসবাস করছেন। তাদের অভিযোগ, ২০০৭ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডারের পর ক্ষতিগ্রস্ত বেরিবাঁধগুলোর স্থায়ী পুনর্নির্মাণ এখনো সম্পন্ন হয়নি।

স্থানীয়দের ভাষ্য, বিভিন্ন সময়ে বালুর বস্তা ফেলে অস্থায়ীভাবে বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হলেও তা দীর্ঘমেয়াদে কোনো সুফল বয়ে আনেনি। জোয়ার কিংবা দুর্যোগ দেখা দিলেই বাঁধ ভেঙে লবণাক্ত পানি লোকালয়ে ও কৃষিজমিতে ঢুকে পড়ে। এতে ফসল, বসতভিটা এবং জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, সিডরের পর থেকে চলমান নদীভাঙনে বহু পরিবার জমি-ঘর হারিয়ে ভূমিহীন হয়ে পড়েছে। অনেকেই এখনো ভাঙা বেরিবাঁধের ওপর অস্থায়ী আশ্রয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বহু পরিবার বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দক্ষিণাঞ্চলের এই উপকূলীয় এলাকায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় টেকসই অবকাঠামো নির্মাণ এখন সময়ের দাবি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সগির আলম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান সাহেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মো. মাহাবুর রহমান সুমন মোল্লা, সমাজসেবক নজরুল ইসলাম ফারুক, স্থানীয় ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান সগির আলম বলেন, "যে বেরিবাঁধের ওপর আমরা দাঁড়িয়ে আছি, সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইউনিয়নের অন্তত চার থেকে পাঁচটি স্থান বর্তমানে ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে।"

মাহাবুর রহমান সুমন মোল্লা বলেন, "আমরা সাময়িক নয়, স্থায়ী সমাধান চাই। শুধু মাটি বা বালুর বস্তা নয়, ব্লক বসিয়ে টেকসই বেরিবাঁধ নির্মাণ করতে হবে। অন্যথায় অল্প সময়ের মধ্যেই প্রায় তিন কিলোমিটার বাঁধ বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।"

বদিউজ্জামান সাহেদ বলেন, বিষখালী, বলেশ্বর ও বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত এই অঞ্চল দীর্ঘদিন ধরে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এখানকার মানুষ বছরের পর বছর আতঙ্ক নিয়ে বসবাস করছে। তিনি বলেন, দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধানে বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মনির উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে স্থানীয়দের প্রত্যাশা রয়েছে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত টেকসই ও স্থায়ী বেরিবাঁধ নির্মাণের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তাদের বক্তব্য, প্রতিটি দুর্যোগের পর ত্রাণ নয়, উপকূলবাসীর জন্য নিরাপদ ও স্থায়ী সুরক্ষা নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...