Logo Logo

নোয়াখালীতে দুই চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার


Splash Image

নোয়াখালীতে বিডিনিউজ ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জুর চুরি হওয়া মোটরসাইকেলসহ দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।


বিজ্ঞাপন


গ্রেপ্তারকৃতরা হলেন— জেলার হাতিয়া উপজেলার শূণ্যের চর এলাকার মিরাজ উদ্দিনের ছেলে মো. ফয়সাল (৩৫) ও সুবর্ণাচর উপজেলার চর আলাউদ্দিনের রফিক উল্লার ছেলে জাহাঙ্গীর আলম (৩২)।

সুধারাম মডেল থানা পুলিশ জানায়, গত শুক্রবার রাতে সদর উপজেলার কাঞ্চন মেম্বারের পুল এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত ১২ জুলাই রাত ১০টার দিকে নোয়াখালী জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে সাংবাদিক আবু নাছের মঞ্জুর মোটরসাইকেলটি চুরি হয়। পরদিন এ ঘটনায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর প্রায় দুই মাস আগে সোনাপুর এলাকা থেকে জয়দেব নামে অপর এক যুবকের একটি মোটরসাইকেল চুরি হয়েছিল।

গত শুক্রবার চোর চক্রের সদস্য ফয়সাল ওই মোটরসাইকেলটি ফেরত দেওয়ার কথা বলে জয়দেবের কাছ থেকে বিকাশ নম্বরের মাধ্যমে ১০ হাজার টাকা হাতিয়ে নেন। টাকা পাওয়ার পর মোটরসাইকেল ফেরত দিতে ফয়সাল গড়িমসি শুরু করলে জয়দেব ও তাঁর বন্ধুরা কৌশলে আরও টাকা দেওয়ার কথা বলে ফয়সাল ও জাহাঙ্গীরকে ডেকে আনেন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে সুধারাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফখরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ফয়সাল ও জাহাঙ্গীরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে প্রথমে সাংবাদিক আবু নাছের মঞ্জুর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরে রাতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জয়দেবের চুরি হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ফয়সাল ও জাহাঙ্গীর আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। এই চক্রটি দীর্ঘদিন ধরে এক জেলা থেকে মোটরসাইকেল চুরি করে অন্য জেলায় পাচার করে আসছিল। নোয়াখালী থেকে গত কয়েকদিনে তারা আরও বেশ কিছু মোটরসাইকেল চুরি করেছে বলে ধারণা করা হচ্ছে।

ওসি আরও জানান, এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার আদালতে পাঠানো হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...