Logo Logo

ভীমরুলী ভাসমান পেয়ারা বাজারে ঘুরতে এসে খালে লাফ দিয়ে কিশোর নিখোঁজ


Splash Image

ঝালকাঠির সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলী ভাসমান পেয়ারা বাজারে ভ্রমণে এসে খালে লাফ দিয়ে সানি হাওলাদার (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১৮ জুলাই) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ সানি রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের বাসিন্দা মো. সোহেল হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্র, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার সকাল ১১টার দিকে রাজাপুর উপজেলা থেকে প্রায় ১৫ জনের একদল বন্ধু ট্রলারে করে ভীমরুলী ভাসমান পেয়ারা বাজারে ঘুরতে আসে। সারাদিন ঘোরাঘুরি শেষে দুপুরে খাবার খাওয়ার পর তারা ভীমরুলী বাজারের উত্তর পাশের খালে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে সানি খালের তীরে থাকা একটি আমগাছে উঠে বন্ধুদের সাথে প্রতিযোগিতার মতো করে পানিতে লাফ দেয়। অন্য বন্ধুরা পানির ওপরে ভেসে উঠলেও সানি আর ওপরে ওঠেনি। পরে সহপাঠীরা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল এবং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে ঝালকাঠি ফায়ার স্টেশনে নিজস্ব ডুবুরি না থাকায় উদ্ধার কার্যক্রমে কিছুটা বিলম্ব হয়। পরে স্থানীয় ডুবুরিদের সহায়তায় খালের বিভিন্ন পয়েন্টে যৌথভাবে তল্লাশি চালানো হয়।

ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মাহবুব আলম জানান, সংবাদ পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় ডুবুরিদের সহযোগিতায় খালের বিভিন্ন স্থানে নিবিড় তল্লাশি চালানো হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ কিশোরের কোনো সন্ধান মেলেনি। উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ কিশোর সানিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের টিম ও স্থানীয়দের সহায়তায় সর্বাত্মক অভিযান চালানো হচ্ছে।

শনিবার সন্ধ্যা পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্যানুযায়ী, নিখোঁজ কিশোরকে অক্ষত বা মৃত অবস্থায় উদ্ধার করতে ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী যৌথভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...