Logo Logo

গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হলেন ২ যুবক


Splash Image

ফুটবল উন্মাদনায় কত কিছুই না ঘটে! তবে এবার গোপালগঞ্জের কাশিয়ানীতে এক ব্যতিক্রমী ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দীর্ঘদিনের প্রিয় দল ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হয়েছেন দুই ফুটবলপ্রেমী যুবক। আর এই দলবদলকে স্মরণীয় করে রাখতে তাঁরা রীতিমতো ১০ লিটার দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন।


বিজ্ঞাপন


আজ শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের টুকু বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

দলবদলকারী ওই দুই যুবক হলেন— রাতইল গ্রামের বাসিন্দা হাসিব মুন্সী ও ওহিদুল শেখ।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাসিব ও ওহিদুল দীর্ঘদিন ধরে ব্রাজিলের কড়া ভক্ত ছিলেন। তবে চলতি কোপা আমেরিকার সেমিফাইনালে লিওনেল মেসির জাদুকরী ও অসাধারণ পারফরম্যান্স তাঁদের মন জয় করে নেয়। মেসির অনবদ্য ফুটবল শৈলীতে মুগ্ধ হয়ে তাঁরা ব্রাজিলের মায়া ত্যাগ করে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনায় যোগ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

শনিবার সকালে টুকু বাজারে তাঁরা ১০ লিটার খাঁটি দুধ এনে সবার সামনে গোসল করেন। এর মাধ্যমে তাঁরা বোঝাতে চেয়েছেন—ব্রাজিলের সমর্থক হিসেবে অতীতকে ধুয়ে-মুছে তাঁরা এখন থেকে ‘খাঁটি’ আর্জেন্টিনার সমর্থক।

ব্যতিক্রমী এই উদ্যোগ প্রসঙ্গে হাসিব মুন্সী বলেন, আমরা ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক ছিলাম এবং নেইমারকে ভালোবাসতাম। কিন্তু এবার সেমিফাইনালে লিওনেল মেসি যেভাবে খেললেন, তা এককথায় অবিশ্বাস্য। মেসির এই ফুটবল জাদু দেখার পর ব্রাজিলে থাকার আর কোনো মানে হয় না। তাই আমরা সিদ্ধান্ত নিই, ফুটবলের রাজপুত্রকে সম্মান জানাতে আমরা এখন থেকে আর্জেন্টিনা করব। আর অতীতকে ধুয়ে পরিষ্কার করতে দুধ দিয়ে গোসল করে নতুন শুরু করলাম।

অনুরূপ অনুভূতি প্রকাশ করে ওহিদুল শেখ বলেন, ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় আসার সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য সহজ ছিল না। অনেকেই আমাদের ক্ষ্যাপাবে জানি। কিন্তু বাস্তবতাকে তো আর অস্বীকার করা যায় না। মেসি আমাদের বাধ্য করেছেন আর্জেন্টিনার ভক্ত হতে। আমরা আজীবন মেসির ভক্ত হয়ে থাকতে চাই। আমাদের এই দলবদলকে স্মরণীয় রাখতেই দুধ দিয়ে গোসল করার এই ব্যতিক্রমী আয়োজন।

এদিকে, দুধ দিয়ে গোসল করে দলবদলের এই খবর ছড়িয়ে পড়লে টুকু বাজার এলাকায় উৎসুক জনতার ঢল নামে। ব্যতিক্রমী এই ঘটনা দেখতে শত শত মানুষ ভিড় জমান। উপস্থিত অনেকেই এই দৃশ্য মুঠোফোনে ভিডিও করেন। মুহূর্তের মধ্যে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও হাসির রোল তৈরি হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...