Logo Logo

ঝালকাঠিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু


Splash Image

ঝালকাঠিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সুরাইয়া আক্তার জেরিন (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১৮ জুলাই) বিকেল ৪টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জেরিন ঝালকাঠি শহরের কলাবাগান এলাকার বাসিন্দা এবং ঝালকাঠি শরৎচন্দ্র বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা জামাল খান বাংলাদেশ সেনাবাহিনীর একজন সার্জেন্ট।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় সাত দিন আগে জ্বরে আক্রান্ত হয় জেরিন। শুরুতে বাড়িতেই তার চিকিৎসা চলছিল। তবে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর চিকিৎসকরা তার শরীরে ডেঙ্গু শনাক্ত করেন। হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পরও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের মামা মিজানুর রহমান জানান, ছয় থেকে সাত দিন আগে জেরিন অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা নিশ্চিত করেন যে সে ডেঙ্গুতে আক্রান্ত। এরপর তিন থেকে চার দিন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। শুক্রবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু শনিবার পুনরায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রথমে তাকে স্থানীয় মিলন ফার্মেসিতে নেওয়া হলে সেখান থেকে দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে জরুরি বিভাগে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, জেরিন ছিল তার বাবা-মায়ের একমাত্র সন্তান। অকালেই একমাত্র সন্তানকে হারিয়ে তার বাবা-মা গভীর শোকে মুহ্যমান হয়ে পড়েছেন। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।

এদিকে, জেরিনের মৃত্যুর খবরে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ডেঙ্গুতে একটি নিষ্পাপ শিশুর মৃত্যু স্থানীয়দেরও মর্মাহত করেছে। পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রতিবেশী ও স্বজনরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...