Logo Logo

ইউএনওর নেতৃত্বে আগাছা-ময়লা অপসারণ

ডেঙ্গু প্রতিরোধে জামালগঞ্জে প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান


Splash Image

খন্দকার শহীদুল ইসলাম, সুনামগঞ্জ প্রতিনিধি। ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধ এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।


বিজ্ঞাপন


বাংলাদেশ মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা রেস্ট হাউজ প্রাঙ্গণ থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক-এর নেতৃত্বে একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় বালিকা উচ্চ বিদ্যালয় সড়ক, উপজেলা পরিষদ চত্বর এবং দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকা আশপাশের বিভিন্ন এলাকায় জমে থাকা আগাছা, ঝোপঝাড় ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

উপজেলা প্রশাসনের আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শফিকুর রহমান, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান, বিএনপি নেতা মো. জয়নাল আবেদীন, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আসাদনুর সাদী, সাংবাদিক মো. শাহীন আলম, এনসিপি নেতা ছাদিকুর রহমান স্বাধীন, এলজিইডির কর্মকর্তা-কর্মচারীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

পরিচ্ছন্নতা অভিযান চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা অপসারণ, আগাছা পরিষ্কার এবং মশার প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম পরিচালনা করেন। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, "ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। জামালগঞ্জকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসনের এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, এ ক্ষেত্রে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত জরুরি। সবাই নিজ নিজ বাড়ি, আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখলে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি অনেকাংশে কমে আসবে।"

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা একটি চলমান প্রক্রিয়া। তাই সমাজের প্রতিটি স্তরের মানুষকে এ ধরনের কার্যক্রমে সম্পৃক্ত হয়ে নিজ নিজ এলাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে শুধু ডেঙ্গু প্রতিরোধই নয়, পুরো উপজেলা আরও পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যসম্মত পরিবেশে পরিণত হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...