Logo Logo

ফুলগাজী বাজারে পুলিশ ও বিএনপি নেতাদের মাদকবিরোধী যৌথ অভিযান


Splash Image

ফেনীর ফুলগাজী বাজারে মাদক ব্যবসা ও মাদক সেবন রোধে থানা পুলিশ এবং বিএনপি নেতাদের যৌথ উদ্যোগে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে।


বিজ্ঞাপন


গতকাল শনিবার (১৮ জুলাই) সন্ধ্যার পর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ফুলগাজী বাজারে মাদকদ্রব্যের কেনাবেচা ও সেবনের প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডও আশঙ্কাজনকভাবে বাড়ছে। এই উদ্ভূত পরিস্থিতিতে মাদকের বিস্তার রোধ এবং জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ফুলগাজী থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম। এতে অংশ নেন ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মনির আহমদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহীন ও যুবদল নেতা ইব্রাহিমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

অভিযান চলাকালে ফুলগাজী বাজারের কাঁচাবাজার এলাকা, মুহুরী নদীর পাড়, ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর পেছনের নদীতীর এবং বাজারের বিভিন্ন সংযোগ সড়কে ব্যাপক তল্লাশি চালানো হয়। একই সাথে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করেন অভিযানকারীরা।

ফুলগাজী থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম জানান, ফুলগাজীতে কোনোভাবেই মাদক ব্যবসা বা মাদক সেবন বরদাশত করা হবে না। মাদক আমাদের যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। যারা এই অপকর্মের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজ সবাইকে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে যেখানেই মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাকেই গ্রেফতার করা হবে।

ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ বলেন, তিনি ব্যক্তিগতভাবে সবসময় মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এর আগেও তার উদ্যোগে মুন্সিরহাট ইউনিয়নের জামমুড়াসহ কয়েকটি গ্রামে মাদকবিরোধী অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ফুলগাজী বাজারে এই অভিযান পরিচালিত হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অভিযান শেষে পুলিশ প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতারা জানান, মাদক নির্মূলে এই ধরনের বিশেষ অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের ব্যাপারে সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...