বিজ্ঞাপন
পবনাপাড় গ্রামের কেএম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোর্টিং ক্লাব চত্বরে সকাল থেকেই জড়ো হতে শুরু করেছেন আর্জেন্টিনার সমর্থকরা। গ্রামের আশপাশ থেকে আসা শত শত ফুটবলপ্রেমী প্রিয় দলের জার্সি গায়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছেন ক্লাব প্রাঙ্গণ। ক্লাব চত্বরে আনন্দ উল্লাসের পাশাপাশি চলছে রান্নাবান্নার কর্মযজ্ঞ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুধু পবনাপাড় গ্রামই নয়, পুরো কোটালীপাড়া উপজেলার ৩ শতাধিক স্পটে আর্জেন্টিনার সমর্থকগোষ্ঠী যৌথভাবে ও ব্যক্তিগত উদ্যোগে ভূরিভোজের আয়োজন করেছে। বিভিন্ন গ্রামের ক্লাব ও সামাজিক সংগঠনের উদ্যোগে ফাইনাল ম্যাচ দেখার জন্য বড় পর্দা স্থাপন করা হয়েছে। ক্লাব ও সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষের বাড়িতে বাড়িতেও চলছে উপাদেয় নানা পদের খাবারের আয়োজন।
পবনাপাড় গ্রামের আর্জেন্টিনার সমর্থক বরকতউল্লাহ বলেন, আমরা আর্জেন্টিনার সমর্থকগোষ্ঠী গত ২০২২ সালেও আর্জেন্টিনার ফাইনাল খেলা উপলক্ষে বড় পরিসরে ভূরিভোজের আয়োজন করেছিলাম। সেই উৎসবের ধারাবাহিকতা বজায় রেখে এবারও ফাইনাল ম্যাচ উপলক্ষে আমরা ১ লক্ষ ৩০ হাজার টাকা দিয়ে একটি বড় গরু কিনেছি। আমরা যারা আর্জেন্টিনার সমর্থক আছি তারা তো বটেই, এর পাশাপাশি স্থানীয় এতিম ও অসহায় মানুষদের জন্যও খাবারের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
উপজেলা যুবদলের সদস্য সচিব ও আর্জেন্টিনার সমর্থক মান্নান শেখ জানান, আর্জেন্টিনার ফাইনাল খেলাকে কেন্দ্র করে কান্দি ইউনিয়নের সমর্থকরা বড় ধরনের প্রস্তুতি নিয়েছেন। ইউনিয়নের ১২টি স্পটে প্রায় ৮ হাজার লোকের খাবারের আয়োজন করা হয়েছে। খেলা দেখার জন্য বড় পর্দা বসানো হয়েছে এবং যারা সেখানে খেলা দেখতে আসবেন, তাদের সবাইকে আপ্যায়ন করা হবে।
সব মিলিয়ে বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে কোটালীপাড়া উপজেলা জুড়ে এক অভূতপূর্ব উৎসবের আমেজ বিরাজ করছে। প্রিয় দলের ট্রফি জয়ের প্রত্যাশায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন হাজারো ফুটবল ভক্ত।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...