Logo Logo

টুঙ্গিপাড়ায় রাস্তার উপর পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার উত্তর বাঁশবাড়িয়া (আড়ুয়াকান্দি) এলাকায় রাস্তার ওপর অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা মোঃ কামরুল মোল্লার বিরুদ্ধে রাস্তার জায়গা দখল করে এই নির্মাণকাজ চালানোর অভিযোগ করেছেন এলাকাবাসী। প্রকাশ্যে বেশ কয়েকদিন ধরে এই কাজ চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।


বিজ্ঞাপন


গতকাল শনিবার (১৮ জুলাই) সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, উত্তর বাঁশবাড়িয়া আড়ুয়াকান্দি মোড়ে রাস্তা দখল করে পুরোদমে পাকা স্থাপনা নির্মাণের কাজ চলছে। এই স্থাপনাটির পাশেই একটি জামে মসজিদ এবং একটি ব্রিজ অবস্থিত। জনবহুল এই এলাকায় চলাচলের পথ সংকীর্ণ করে ভবনটি নির্মিত হওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে চরম বিঘ্ন ঘটছে। বিশেষ করে মালামাল বোঝাই কোনো যানবাহন যাওয়ার সময় এই অবৈধ নির্মাণের কারণে বাধার সম্মুখীন হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত কামরুল মোল্লা প্রভাবশালী হওয়ায় তার ভয়ে কেউ সরাসরি প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। দ্রুত প্রশাসনিক কোনো ব্যবস্থা না নিলে অবৈধ দখলদাররা আরও বেপরোয়া হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। এদিকে ওই নির্মাণাধীন ভবনের এক দোকান কর্মচারী পরোক্ষভাবে স্বীকার করেছেন যে, ঘরের দেওয়াল ও কার্নিশ রাস্তার সীমানার মধ্যে ঢুকে পড়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কামরুল মোল্লা রাস্তা কেটে ঘর নির্মাণের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, আমার জায়গা-জমি কম থাকায় একটু স্বাচ্ছন্দ্যে বসবাসের জন্য ঘরটি নির্মাণ করছি। তবে আমি রাস্তার সাথে মিশিয়ে ঘর নির্মাণ করছি এটা করা আমার ঠিক হয়নি। এর পাশাপাশি তিনি যেকোনো প্রশাসনিক সিদ্ধান্ত মেনে নেবেন বলেও জানান।

এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার বলেন, রাস্তার ওপরে অথবা রাস্তার ক্ষতি হবে বা মানুষের চলাচলে বাধা সৃষ্টি করবে— এমন কোনো স্থাপনা নির্মাণ করা আইনানুগ অপরাধ। বিষয়টি পূর্ণ তদন্ত সাপেক্ষে দ্রুত যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...