Logo Logo

বিশ্বকাপ খেলা দেখা নিয়ে দাম্পত্য কলহ, সেনবাগে যুবকের আত্মহত্যা


Splash Image

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রী-স্বামীর মধ্যে সৃষ্টি হওয়া বিরোধের জেরে মো. আলাউদ্দিন ওরফে রায়হান (২৭) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।


বিজ্ঞাপন


সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেশারপাড় গ্রামের মাইজ্জা মিয়ার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রায়হান ওই গ্রামের কুয়েতপ্রবাসী আব্দুল বারেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রায়হান সৌদি আরবে কর্মরত ছিলেন। প্রায় এক বছর আগে তিনি দেশে ফেরেন এবং পাঁচ থেকে ছয় মাস আগে বিয়ে করেন। রোববার দিবাগত রাতে তিনি স্থানীয় কানকিরহাট বাজারে বন্ধুদের সঙ্গে আর্জেন্টিনা-স্পেনের বিশ্বকাপ ফুটবল ম্যাচ উপভোগ করেন। খেলা শেষে ভোররাতে বাড়ি ফিরলে বাইরে বসে খেলা দেখা এবং দেরিতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে তার স্ত্রী মারজান আক্তার মমতাজের (১৮) সঙ্গে কথা-কাটাকাটি ও ঝগড়ার সৃষ্টি হয়।

একপর্যায়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে যান। এ সময় রায়হান আত্মহত্যার হুমকি দেন। পরে স্ত্রী কিছু দূর গিয়ে আবার বাড়িতে ফিরে এসে দেখেন, রায়হান সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেন।

স্থানীয়রা আরও জানান, সোমবারই রায়হানের পুনরায় সৌদি আরব যাওয়ার ভিসা আসে। কিন্তু সেই দিনই এমন মর্মান্তিক ঘটনার কারণে পরিবারে নেমে আসে শোকের ছায়া।

খবর পেয়ে সোমবার দুপুর ১২টার দিকে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও পারিপার্শ্বিক বিষয়গুলো তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...