বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ জুলাই) ভোররাত তিনটার দিকে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের আওলাদ মোল্লার বাগানের একটি পরিত্যক্ত পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিয়ান মোল্লা মুকসুদপুর উপজেলার কমলাপুর মধ্যপাড়া গ্রামের রিপন মোল্লার ছেলে।
আটককৃতরা হলেন—একই গ্রামের দুলাল মোল্লার ছেলে আরিফ মিয়া (২০) এবং রবিউল শেখের ছেলে মুরছালিন শেখ (১৬)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, গত রোববার (১৯ জুলাই) রিয়ান তার দুই সঙ্গী আরিফ ও মুরছালিনের সাথে আওলাদ মোল্লার বাগান থেকে ডাব পাড়তে যায়। এ সময় রিয়ান গাছে উঠে ডাব পাড়তে গেলে হঠাৎ অসাবধানতাবশত নিচে থাকা পরিত্যক্ত পুকুরে পড়ে যায়। তার সাথে থাকা দুই সঙ্গী পুকুরে খোঁজাখুঁজি করেও রিয়ানের কোনো সন্ধান না পেয়ে বাড়ি ফিরে আসে। তবে তারা বিষয়টি পরিবার বা স্থানীয় কাউকেই জানায়নি।
এদিকে রিয়ান বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সন্দেহের বশে আরিফ ও মুরছালিনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা ডাব পাড়তে যাওয়া এবং রিয়ানের পুকুরে পড়ে তলিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে।
পরবর্তীতে মঙ্গলবার ভোররাতে স্বজনরা আওলাদ মোল্লার বাগানের পরিত্যক্ত পুকুরে তল্লাশি চালিয়ে রিয়ানের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ওসি আবদুল্লাহ আল মামুন আরও জানান, ঘটনার পর স্থানীয় জনতা আরিফ ও মুরছালিনকে আটক করে থানায় সোপর্দ করেছে। বর্তমানে তাদের পুলিশ হেফাজতে রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণসহ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...