বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি।
ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. জামাল হোসেন।
অনুষ্ঠানে জানানো হয়, আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন, ২০২৬-এর ২১(খ) ধারার আওতায় প্রাথমিকভাবে ঠাকুরগাঁওসহ দেশের ১০টি জেলায় এ বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, আদালতে মামলা গড়াচ্ছের আগেই পারস্পরিক আলোচনার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্র তৈরি হলে বিচারপ্রার্থীদের বিপুল অর্থ, সময় ও মানসিক ভোগান্তি সাশ্রয় হবে। একই সঙ্গে আদালতে নতুন মামলা দায়েরের প্রবণতা কমে বিচার ব্যবস্থার ওপর থেকে অতিরিক্ত চাপ অনেকটাই হ্রাস পাবে।
পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, আইনগত সহায়তা প্রদান আইনের তফসিলভুক্ত সাত ধরনের বিরোধে ইতোমধ্যে প্রকল্পভুক্ত ২০টি জেলায় স্পেশাল মিডিয়েটরের মাধ্যমে পরিচালিত মধ্যস্থতা কার্যক্রমে আশাব্যঞ্জক সাফল্য মিলছে। পারিবারিক আদালত, বাড়িভাড়া নিয়ন্ত্রণ, বণ্টন, অগ্রক্রয়, পিতা-মাতার ভরণপোষণ ও যৌতুক সংক্রান্ত বিরোধে বিগত বছরের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত চার মাসে ১১ হাজার ২৮০টি মামলা হলেও চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ৪ হাজার ২৮৪টিতে। অর্থাৎ নতুন মামলা দায়েরের হার ৬২ দশমিক শূন্য ২ শতাংশ কমেছে, যা বিচার ব্যবস্থার দীর্ঘদিনের জট নিরসনে একটি অনন্য মাইলফলক।
আইনমন্ত্রী আরও প্রকাশ করেন, আগামী ছয় মাসের মধ্যে দেশের প্রতিটি জেলায় পর্যায়ক্রমে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম প্রসারিত করা হবে। এই জনকল্যাণমুখী উদ্যোগ সফল করতে তিনি বিচারক, আইনজীবী, সংশ্লিষ্ট কর্মকর্তা, বিচারপ্রার্থী ও গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) মজনু মিয়া তার বক্তব্যে বলেন, বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা বিচারপ্রার্থীদের জন্য একটি চরম সময়োপযোগী পদক্ষেপ। মামলা আদালতে গড়া দেওয়ার আগেই আপস-মীমাংসার সুযোগ সৃষ্টি হওয়ায় বিচারপ্রার্থীদের অর্থ ও সময় বাঁচবে। জেলা লিগ্যাল এইড অফিস এ কার্যক্রমের সফল বাস্তবায়নে পূর্ণ সহযোগিতা প্রদান করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. লুৎফর রহমান, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল বারী, যুগ্ম জেলা ও দায়রা জজ সাদিয়া আফরিনা রীমা, সিনিয়র সহকারী জজ (সদর) সুব্রত মল্লিক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমান, সিভিল জজ মাহমুদুল ইসলাম মুন্না, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ ফরিদ, লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...