Logo Logo

নড়াইলে শিশু ধর্ষণ-হত্যার প্রতিবাদে ৪ ঘণ্টা অবরোধ, এমপির আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার


Splash Image

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের এক শিশুকন্যাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ীদের দ্রুত বিচারের দাবিতে চার ঘণ্টা বেনাপোল-ঢাকা মহাসড়ক অবরোধ করেন স্থানীয় এলাকাবাসী। পরে নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২১ জুলাই) দত্তপাড়া এলাকায় বেনাপোল-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে এলাকাবাসী আন্দোলন শুরু করেন। এ সময় তারা আগামী সাত দিনের মধ্যে মামলার চার্জশিট দাখিল, দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতসহ সাত দফা দাবি উত্থাপন করেন।

আন্দোলনস্থলে উপস্থিত হয়ে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, আগামী সাত দিনের মধ্যে মামলার চার্জশিট দাখিল এবং ৩০ দিনের মধ্যে বিচারকাজ সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তার এই আশ্বাসের ভিত্তিতেই আন্দোলনকারীরা সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।

এ সময় নড়াইলের পুলিশ সুপার আল মামুন সিকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি. এম. রাহসিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সাংবাদিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে, নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ওই শিশুকন্যা বিকেল ৫টার দিকে নিখোঁজ হয়। পরিবারের সদস্য ও স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজির একপর্যায়ে একই গ্রামের বাসিন্দা রবিউল ইসলামের বাড়ির একটি ঘরের ভেতর শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর অভিযুক্ত রবিউল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে রবিউল ইসলাম দত্তপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এলে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেন এবং পুলিশে খবর দেন। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নিয়ে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...