ভুক্তভোগী সাংবাদিক কামরুল ইসলাম কানন।
বিজ্ঞাপন
ভুক্তভোগী কামরুল ইসলাম কানন দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতায় যুক্ত রয়েছেন। তিনি একটি বেসরকারি টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ (ট্রেজারার) এবং নোয়াখালী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য।
দায়ের করা লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ১৮ জুলাই রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি বার্তা প্রকাশ করেন সাংবাদিক কানন। উক্ত পোস্টে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের নাম উল্লেখ না থাকলেও চাটখিল উপজেলার নয়নপুর এলাকার মো. সুমন, মোহন (প্রকাশ 'ঠোঁট কাটা মোহন') এবং মহিন নামের তিন ব্যক্তি তাদের ফেসবুক আইডি থেকে ওই সাংবাদিকের ছবি ও নাম বিকৃত করে বিভ্রান্তিকর তথ্য ছড়াতে শুরু করেন। একই সঙ্গে তারা তাকে নানাভাবে হুমকি-ধমকিও প্রদর্শন করেন।
অভিযোগে অভিযুক্তদের পেছনের নানা অপকর্মের তথ্যও তুলে ধরা হয়েছে। উল্লেখ করা হয়, অভিযুক্ত সুমন ও মোহন স্থানীয়ভাবে যুবদলের পরিচয় ভাঙিয়ে এবং নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করা ও এতিমের জমি দখলসহ বিভিন্ন অনিয়মে জড়িত। অপরদিকে অভিযুক্ত মহিন বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সক্রিয় 'ভাগিনা বাহিনী'র একজন সশস্ত্র ক্যাডার হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। এছাড়া হাফিজুর রহমান শাওন নামের অপর এক ব্যক্তি এসব মানহানিকর পোস্ট বিভিন্ন ফেসবুক গ্রুপ ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে অপপ্রচারে ইন্ধন জুগিয়ে যাচ্ছেন বলে অভিযোগে বলা হয়।
ঘটনার বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক কামরুল ইসলাম কানন জানান, মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচারের কারণে তার দীর্ঘদিনের গড়ে তোলা সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এই মুহূর্তে তিনি এবং তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং তার পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ জানান, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। প্রাথমিক তদন্তে সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদক- মোঃ সিরাজুল ইসলাম হাসান, চাটখিল, নোয়াখালী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...