Logo Logo

গোপালগঞ্জে বিচারকের অপসারণের দাবীতে আইনজীবীদের বিক্ষোভ মিছিল


Splash Image

গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের ছোঁড়া পেপার ওয়েটের আঘাতে এক নারী শিক্ষানবিশ আইনজীবী আহত ও লাঞ্ছিত হওয়ার ঘটনায় বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা।


বিজ্ঞাপন


অভিযুক্ত বিচারকের দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহষ্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা বার ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শী ও আইনজীবী সূত্রে জানা যায়, গত ২২ জুলাই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ওপেন কোর্টে এক মামলার শুনানি চলাকালে বাকবিতণ্ডা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ওই সময় বিচারক সুজন মিয়ার ছোঁড়া পেপার ওয়েটের আঘাতে সাবিহা সুলতানা নামের এক নারী শিক্ষানবিশ আইনজীবী গুরুতর আহত ও শারীরিকভাবে লাঞ্ছিত হন।

আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে আজ সকালে জেলা আইনজীবী সমিতির সাধারণ সদস্যরা পূর্ণাঙ্গভাবে বিচার কাজ বর্জন করেন। পরবর্তীতে বার ভবন থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে পুরো আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করে পুনরায় বার ভবনের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে আইনজীবী নেতারা বলেন, প্রকাশ্য আদালতে বিচারকের আসনে বসে একজন নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলা চালানো ও পেপার ওয়েট ছুঁড়ে মেরে তাকে আহত করা অত্যন্ত দুঃখজনক ও নজিরবিহীন। বিচার অঙ্গনে আইনজীবীদের পেশাগত মর্যাদা ও শারীরিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সাধারণ মানুষের আস্থা চরমভাবে ক্ষুণ্ন হবে।

আইনজীবী নেতৃবৃন্দ অবিলম্বে ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুজন মিয়ার অপসারণের জোরালো দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা পরবর্তীতে আরও কঠোর আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি প্রদান করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে পুরো আদালত প্রাঙ্গণে থমথমে পরিবেশ বিরাজ করছে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিষয়টি নিয়ে জানতে অভিযুক্ত বিচারকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...