Logo Logo

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ২৫


Splash Image

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনায় বাসের ছাদ বডি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আহতদের গোপালগঞ্জ ও পার্শ্ববর্তী মোল্লাহাট উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বিজ্ঞাপন


গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চরগোবরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় সূত্রে জানা যায়, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী 'ইমাদ পরিবহন'-এর একটি যাত্রীবাহী বাস চরগোবরা এলাকায় পৌঁছালে দ্রুতগতিতে অন্য একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সজোরে রাস্তার পাশের একটি বড় গাছের সাথে সজোরে ধাক্কা খেয়ে গভীর খাদে পড়ে যায়।

সংঘর্ষের তীব্রতা এতটাই মারাত্মক ছিল যে, বাসের ছাদ দুমড়ে-মুচড়ে বডি থেকে বিচ্ছিন্ন হয়ে পাশে ছিটকে পড়ে। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি ও আর্তনাদ শুরু হয় এবং অন্তত ২৫ জন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি উদ্ধারকারী টিম এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

আহতদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং পার্শ্ববর্তী বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, “সংবাদ পাওয়া মাত্রই আমাদের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। দুর্ঘটনায় ২৫ জনের মতো আহত হয়েছেন, যাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকদের দেওয়া তথ্যমতে, চিকিৎসাধীন আহতদের মধ্যে ২ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।”

এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যানবাহন চলাচলে বিঘ্ন ঘটলেও পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে পরিবেশ স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...