Logo Logo

সুবর্ণচরে মায়ের লিখিত অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার


Splash Image

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, বসতবাড়িতে মাদক বেচাকেনা, অনধিকার প্রবেশ, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন ওরফে জাবেদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


শনিবার (২৫ জুলাই) ভোরে উপজেলার চরজুবলি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরজুবলি গ্রামের নিজ পঞ্চায়েত বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাবেদ ওই এলাকার আবুল মিয়া ও ছালেয়া খাতুন দম্পতির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৪ জুলাই) জাবেদের মা ছালেয়া খাতুন (৬৮) স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানের কাছে নিজের ছেলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, জাবেদ এবং তার দুই সহযোগী পিচ্চি মাসুদ (৩৭) ও সুমন (৩৪) তাদের বসতবাড়িকে আস্তানা বানিয়ে অনৈতিক মাদক কারবার এবং আইনবিরোধী রাজনৈতিক তৎপরতা চালিয়ে আসছিলেন। এসব অপকর্মের প্রতিবাদ করায় আসামিরা ছালেয়া খাতুন ও তার পরিবারের অন্যান্য সদস্যদের ওপর চড়াও হয়ে ভয়ভীতি প্রদর্শন, মারধর এবং হত্যার হুমকি দেয়।

অভিযোগে আরও জানানো হয়, গত ২৭ মে রাত আনুমানিক ৮টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তাদের বসতঘরে ঢুকে দরজা-জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এতে পরিবারের প্রায় আড়াই লাখ টাকার আর্থিক ক্ষতি সাধন হয়। এ সময় তারা বাধা দিলে ছালেয়া খাতুন ও তার স্বামীকে মারধর করে আহত করা হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজসহ হত্যার হুমকি দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, গ্রেপ্তার জাবেদের বিরুদ্ধে তার নিজের মায়ের দায়ের করা একটি লিখিত অভিযোগ রয়েছে। এ ছাড়া পূর্বের বিস্ফোরক ও সহিংস মারামারির ঘটনায় তার বিরুদ্ধে আরও দুটি পৃথক মামলা চলমান। শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...